সাইফুল ইসলাম, হবিগঞ্জ প্রতিনিধি: একসময় শহর থেকে শুরু করে গ্রামের পাড়া-মহল্লার মসজিদ ও মক্তবে ভোরের আলো ফুটতেই দেখা যেত কোমলমতি শিশুদের কোরআন শিক্ষার দৃশ্য। মসজিদের ইমাম ও আলেমদের কাছে শিশুরা কায়দা, আমপারা ও পবিত্র কোরআন শিক্ষা গ্রহণ করত। কিন্তু সময়ের পরিবর্তনে সেই চিরচেনা দৃশ্য এখন অনেকটাই হারিয়ে যেতে বসেছে। শহর-গ্রামের অধিকাংশ এলাকায় আগের মতো মসজিদ-মক্তবভিত্তিক কোরআন শিক্ষার কার্যক্রম চোখে পড়ে না। ফলে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে আমাদের ঐতিহ্যবাহী মক্তব শিক্ষা।
একসময় শিশুদের মধ্যে আরবি ও কোরআন শিক্ষা গ্রহণের যে আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা ছিল, বর্তমানে তা অনেকটাই কমে গেছে। আধুনিক জীবনযাপন, প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যস্ততা এবং বিভিন্ন কারণে শিশুরা ক্রমেই মসজিদ-মক্তব থেকে দূরে সরে যাচ্ছে। অথচ কোরআন শিক্ষা শিশুদের ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শ চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এমন পরিস্থিতিতে মসজিদ-মক্তবভিত্তিক কোরআন শিক্ষা কার্যক্রম পুনরুজ্জীবিত করতে সরকারি পৃষ্ঠপোষকতা, আর্থিক সহযোগিতা ও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। এরই মধ্যে ১৮ নভেম্বর (বুধবার) হবিগঞ্জ শহরের অনন্তপুর ঐতিহ্যবাহী জামে মসজিদে দেখা গেছে ব্যতিক্রমী এক উদ্যোগ। মসজিদের ইমাম বিশিষ্ট বক্ততা মাওলানা সৈয়দ হোসেন বেলালী কয়েক বছর ধরে প্রতিদিন ভোরে প্রায় শতাধিক কোমলমতি শিশুকে ইসলামের মৌলিক বিষয় ও পবিত্র কোরআন শিক্ষা দিয়ে আসছেন। তাঁর কাছে শিশুরা অত্যন্ত আনন্দ ও আগ্রহের সঙ্গে কোরআন শিক্ষা গ্রহণ করছে।
জানা যায়, গত এক বছরে তাঁর উদ্যোগে ৭০ জন শিশু পবিত্র কোরআন শিক্ষা সম্পন্ন করেছে। এদিনও নতুন করে ১৫ জন শিশুকে পবিত্র কোরআন শিক্ষার সবক প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ শাহী ঈদগাহ ও শায়েস্তানগর গাউছিয়া জামে মসজিদের খতিব মুফতি বিশিষ্ট বক্ততা ইসলামিক চিন্তাবিদ মাওলানা আলহাজ্ব আশরাফুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সর্দার মোঃ আদম আলী ও সাংবাদিক মীর মোঃ আব্দুল কাদির।
বক্তারা বলেন, কোরআন শিক্ষা শুধু ধর্মীয় শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানুষের নৈতিক চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার অন্যতম মাধ্যম। শৈশব থেকেই শিশুদের কোরআন ও ইসলামের মৌলিক শিক্ষা দেওয়া হলে তারা ন্যায়-অন্যায়, ভালো-মন্দ এবং মানুষের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে উঠবে।
তাঁরা আরও বলেন, বর্তমানে সন্তানদের প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি অভিভাবকদের যতটা গুরুত্ব রয়েছে, ধর্মীয় ও নৈতিক শিক্ষার ক্ষেত্রেও ততটাই গুরুত্ব দেওয়া প্রয়োজন। পরিবার ও সমাজে নৈতিক মূল্যবোধের চর্চা বাড়াতে শিশুদের ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
অনন্তপুর জামে মসজিদের এ উদ্যোগকে একটি অনুকরণীয় দৃষ্টান্ত উল্লেখ করে বক্তারা বলেন, সমাজের প্রতিটি মসজিদে এমন উদ্যোগ গ্রহণ করা গেলে নতুন প্রজন্মের মধ্যে কোরআন শিক্ষার আগ্রহ বাড়বে। তাই মসজিদ-মক্তবের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি ও সর্বস্তরের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে।
বক্তারা শিশুদের কোরআন শিক্ষার সুযোগ সম্প্রসারণে সরকারি পৃষ্ঠপোষকতা, আর্থিক অনুদান ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ আহ্বান জানান।