​শেরপুর সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জন আটক

আপলোড সময় : ১৮-১১-২০২৬ , আপডেট সময় : ১৮-১১-২০২৬

তপুসরকার হারুন, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার মিশনমোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। বুধবার (১৮ নভেম্বর) ৩৯ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে মিশনমোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা মো. ইমদাদুল হক (২৯), মো. আক্তারুল হক (২০), মো. মিনারুন (১৯), মো. শামীম (২৩), মো. আব্দুল করিম (২১), মো. ইউসুফ (২১), মো. শওকত আলী (৩৫), মো. আলামিন (২৪), মো. আব্দুল্লাহ (২৫), মো. হাসান (২৫), মো. রুবেল (৩০) ও মো. মেসবাউল (২০)।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
৩৯ বিজিবি কর্তৃপক্ষ জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :