পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন রিজভী। তাঁর ভাষ্য, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছেন। সেখান থেকে ভিডিও বার্তা পাঠিয়ে দেশে নানা ধরনের সহিংস কাজে উসকানি দেওয়া হচ্ছে।
পুলিশ ও বিএনপি নেতাদের গাড়িতে বোমা হামলা, ককটেল ছোড়া ও আগুন দেওয়ার মতো ঘটনা ঘটানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। রিজভী দাবি করেন, আওয়ামী লীগের নেতারা কলকাতা ও দিল্লিতে ফ্ল্যাট কিনেছেন, আর সেখান থেকেই ভিডিও বার্তায় দেশে নানা কর্মকাণ্ড চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে।
পলাতক শক্তির উদ্দেশে তিনি বলেন, ধৈর্যেরও সীমা আছে। সেই সীমা যাতে পেরিয়ে না যায়, সে ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে।
রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক শক্তি ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করেছে। সেই ধারায় তাঁর জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের নেতৃত্বেও গণতান্ত্রিক আন্দোলন থামেনি। এর পথ ধরেই ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থান ঘটে, যাতে ছাত্র, জনতা, শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং অনেকে প্রাণ দেন।
জুলাই আন্দোলনের রক্তের দাগ এখনো শুকায়নি উল্লেখ করে তিনি অভিযোগ করেন, তবু আগের রাজনৈতিক অবস্থা আবার ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা লোপাট, সোনালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের টাকা আত্মসাৎ এবং শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে সম্পদ গড়ার অভিযোগও তোলেন রিজভী।
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা তার ভাগ্নে, ভাগ্নি ও মেয়ের নামে পূর্বাচলে ৬০ কাঠা জমি নিয়েছেন। পুরো বাংলাদেশকে নিজেদের জমিদারি ও পৈতৃক সম্পত্তি মনে করে আবার সেই অবস্থান ফিরে পাওয়ার চেষ্টা করছেন।’
মওলানা ভাসানীর অবদানের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, তাঁর কৃষক আন্দোলন এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের ইতিহাস জড়ো করে একটি পূর্ণাঙ্গ মহাগ্রন্থ লেখা দরকার।
তাঁর মতে, ব্রিটিশ ভারতের নানা জায়গায় ভাসানীর কৃষক সমাবেশ ও সম্মেলন এবং আসামের প্রাদেশিক আইনসভায় দেওয়া বক্তব্যগুলো সংকলন করলে একাধিক বই বের করা যায়। সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর সংগ্রামের ঘটনাগুলো এক জায়গায় আনলে তা হয়ে উঠবে এক বাস্তব মহাকাব্য।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সভায় সভাপতিত্ব করেন। তিনি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটিরও আহ্বায়ক। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।
টুকু বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী সব সময় নির্যাতিত ও নিপীড়িত মানুষের হয়ে কথা বলেছেন। অন্যায়ের সামনে তিনি কখনো মাথা নোয়াননি, লড়েছেন গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে।
কাগমারী সম্মেলন থেকেই মওলানা ভাসানী পাকিস্তানিদের বিদায় জানানোর বার্তা দিয়েছিলেন এবং শোষণবিরোধী আন্দোলনের ডাক দিয়েছিলেন বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
আওয়ামী লীগের নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা তুলে টুকু বলেন, এ দেশের মানুষ গণতন্ত্রের পক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে। গণতন্ত্র ও দেশের শত্রুরা অস্থিতিশীলতা তৈরি করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। কিন্তু ফ্যাসিবাদকে বাংলাদেশের মানুষ কোনোভাবেই আর মেনে নেবে না।
ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। মওলানা ভাসানী যে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের আদর্শ লালন করতেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তা অটুট রাখার প্রত্যয়ও জানান টুকু।
সভাপতির বক্তব্যে শামসুজ্জামান দুদু মওলানা ভাসানীকে এশিয়ার নিপীড়িত মানুষের নেতা ও বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে তুলে ধরেন।
দুদু বলেন, দৃঢ় নেতৃত্বের জন্য ভাসানীর পরিচিতি কেবল পাকিস্তান আমলে সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়েছিল সারা বিশ্বে। বাংলাদেশের প্রথম বিরোধী দলের প্রতিষ্ঠাতা তিনি, পাকিস্তানেও বিরোধী দলের রাজনীতির অন্যতম পথিকৃৎ ছিলেন।