মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের চলমান কর্মসূচিকে কাজে লাগিয়ে সহিংসতা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
নানা সংগঠনের বক্তব্য, পুলিশের তদন্ত, গ্রেফতারের তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও ভিডিও ঘেঁটে এসব তথ্য-প্রমাণ মিলেছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্টের অনুসন্ধানেও আন্দোলন ঘিরে সহিংসতা আর অপতথ্য ছড়ানোর চিত্র উঠে এসেছে।
মিরপুর, গাজীপুর ও আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় শ্রমিক আন্দোলনের আড়ালে পুলিশের ওপর হামলা, গাড়িতে আগুন ও ভাঙচুরের অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আটক করার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ বলছে, আটক হওয়াদের অনেকে স্থানীয় পোশাক শ্রমিক নন। তারা বিভিন্ন জেলা থেকে এসে আন্দোলনে ঢুকে পড়েছিল।
ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বাসসকে বলেন, দেশে চলমান শ্রমিক আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর অংশ নেওয়ার প্রমাণ মিলেছে। এ ঘটনায় এরই মধ্যে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।
নাশকতার ছবি ও ভিডিও পাঠানোর পর মোবাইল ব্যাংকিংয়ে টাকা দেওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশের তথ্যে জানা যায়। গোয়েন্দারা বলছেন, গ্রেফতার ব্যক্তিদের মোবাইল ফোনে ২০ থেকে ২৫টি অনলাইন গ্রুপ পাওয়া গেছে, যেখানে ছবি, ভিডিও আর অবস্থানের তথ্য চালাচালি হতো। কয়েকজনের ফোনে আগুন দেওয়ার ভিডিওও পেয়েছে পুলিশ।
‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামের একটি ফেসবুক গ্রুপে শ্রমিক আন্দোলনের সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার কথা স্বীকার করা পোস্ট খুঁজে পেয়েছে পিআইবির বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, গত ১ নভেম্বর ওই গ্রুপে একটি আইডি থেকে আগুন দেওয়ার দায় নিয়ে দুটি পোস্ট দেওয়া হয়। সংস্থাটি নিশ্চিত হয়েছে, আইডিটি যিনি চালান তাঁর আসল নাম রাজীব চন্দ্র দাস। সামাজিক যোগাযোগমাধ্যমে অগ্নিসংযোগের দায় স্বীকার করে পোস্ট দেওয়ার অভিযোগে রাজীব চন্দ্র দাস নামের একজনকে গ্রেফতারও করেছে পুলিশ।
গোপালগঞ্জেও থানা, সরকারি স্থাপনা ও সংসদ সদস্যের বাড়িতে আগুন দিয়ে নাশকতা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের লোকজন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি মানেই সন্ত্রাস আর নাশকতা। ২০২৫ ও ২০২৬ সালে দলটির এমন নাশকতার বহু চিত্র তুলে ধরেছে বাংলাফ্যাক্ট।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দিয়েছিল। তখন ব্যাপক সহিংসতা ও নাশকতা ঘটানো হয়। ২০২৫ সালের ৯ থেকে ১২ নভেম্বরের মধ্যে দলটি মোট ৩১টি সহিংস ও নাশকতামূলক ঘটনা ঘটায়।
ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে গত ৭ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত মোট ৯৬টি সহিংস ও নাশকতামূলক ঘটনা ঘটে। এর মধ্যে ককটেল হামলা ৫১টি, গাড়িতে আগুন দেওয়া ৪৫টি।
পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন প্রসঙ্গে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের জীবনমান ভালো করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ন্যূনতম মজুরি ঠিক করতে এরই মধ্যে মজুরি বোর্ড গঠন হয়েছে এবং বোর্ড কাজও শুরু করেছে।
তিনি সতর্ক করেন, রাজনৈতিক উদ্দেশ্যে কোনো মহল শ্রমিকদের উসকে দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে তা কঠোর হাতে দমন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডের সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের দাবির কোনো সম্পর্ক নেই, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ হাসিল করতে কোনো কোনো মহল শ্রমিকদের উসকে দিয়ে শিল্প খাতে অস্থিরতা তৈরির পাঁয়তারা করছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘পোশাক শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনা করে সরকার নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ড গঠন করেছে। তা সত্ত্বেও চলমান আন্দোলনে সহিংসতা ও নাশকতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের লুটপাটের অর্থ বিনিয়োগের সংযোগ থাকতে পারে।’
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের কথায়, পোশাক শিল্পের এখনকার অস্থির অবস্থা একদিকে আন্তর্জাতিক বাজারে দেশের পোশাক খাতের ভাবমূর্তি নষ্ট করছে, অন্যদিকে জাতীয় অর্থনীতিতে খারাপ প্রভাব ফেলছে। এতে নিম্নতম মজুরি বোর্ডের স্বাভাবিক কাজও বাধা পাচ্ছে।
তিনি জানান, নিম্নতম মজুরি বোর্ড গঠিত হয়েছে গত ১ নভেম্বর। বোর্ড হয়ে যাওয়ার পরও এমন বিশৃঙ্খলা চালিয়ে যাওয়ার কোনো যুক্তি নেই।
বিজিএমইএ সভাপতি বলেন, বাইরের মহলের উসকানিতে কারখানার ভেতরে কিছু শ্রমিক বিশৃঙ্খলা করছেন, অন্য শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন। কোথাও কোথাও কারখানা থেকে বেরিয়ে অন্য কারখানার প্রধান ফটকে ইটপাটকেলও ছোড়া হচ্ছে। এতে শিল্পাঞ্চলের সার্বিক পরিবেশ আর উৎপাদন ব্যাহত হচ্ছে।
মাসে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত পয়লা নভেম্বর রাজধানীর মিরপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন তৈরি পোশাক শ্রমিকেরা। কর্মসূচির একপর্যায়ে সংঘর্ষ বাধে। পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়, ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর হয় এবং পুলিশের ওপর হামলাও চলে।
সেদিন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) জানায়, শ্রমিক আন্দোলনে ঢুকে সহিংসতা ঘটানোর অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত। পুলিশের ভাষ্য, তারা বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার, গাইবান্ধাসহ নানা জেলা থেকে ঢাকায় এসেছিলেন।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার ভাগ্নে আলিফ মোল্লার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন এলাকা থেকে শতাধিক লোক জোগাড় করে আন্দোলনে ঢুকিয়েছেন। অনলাইন গ্রুপে সংগঠিত হয়ে নাশকতার পরিকল্পনা করার তথ্যও পাওয়ার কথা জানিয়েছে ডিবি।
এদিকে মঙ্গলবার সন্ধ্যার ব্রিফিংয়ে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘মজুরি ঘোষণার তারিখ যেদিনই নির্ধারণ করা হোক না কেন, নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।’
গুজব বা ভুয়া তথ্যে কান না দিতে এবং কোনো বিশৃঙ্খলা না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি। বোর্ডের তৃতীয় সভা বসবে আগামী ২৩ নভেম্বর।
গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি ঠিক করতে মজুরি বোর্ড গঠনের সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বাসসকে বলেন, ‘মজুরি বোর্ড গঠনের পরও বিভিন্ন স্থানে শ্রমিকদের নাম ব্যবহার করে আন্দোলন ও নাশকতার ঘটনা ঘটছে। এসব ঘটনায় প্রকৃত শ্রমিকদের সম্পৃক্ততা নেই। বরং এগুলো রাজনৈতিক আন্দোলনের অংশ।’
তিনি আরও বলেন, ঢাকার মিরপুরসহ নানা জায়গায় শ্রমিকদের নাম ভাঙিয়ে বিভিন্ন ঘটনা ঘটানো হচ্ছে। গাজীপুরেও নানা পক্ষ জড়িয়ে পরিস্থিতি জটিল করার চেষ্টা চলছে। শিল্প-কারখানায় হামলা, ভাঙচুর ও নাশকতায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান নাজমা আক্তার।
বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার বাসসকে বলেন, ‘কারখানা বন্ধ হয়ে গেলে শ্রমিক-মালিক উভয়ে দুর্ভোগে পড়েন। জিনিসপত্র, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক। তবে এ দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করে কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সরকারসহ সবাইকে সতর্ক থাকতে হবে।’
পরিস্থিতি সামলাতে শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা বাড়িয়েছে সরকার। পুলিশের সঙ্গে মাঠে নামানো হয়েছে বিজিবি ও এপিবিএন সদস্যদেরও।