‘আইন প্রণয়ন প্রক্রিয়া’ নিয়ে যুক্তরাজ্যের হাউস অব কমন্স ও হাউস অব লর্ডসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় সংসদের নয় সদস্যের একটি প্রতিনিধিদল। দলটির নেতৃত্বে ছিলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
গতকাল যুক্তরাজ্য পার্লামেন্টে বৈঠকটি হয়। চিফ হুইপ ছাড়াও বাংলাদেশের আটজন সংসদ সদস্য প্রতিনিধিদলে ছিলেন।
দুই দেশের সংসদে আইন তৈরির নানা ধাপ ও পদ্ধতি, বিলের ধরন আর পাবলিক বিল কমিটির ভূমিকা নিয়ে সেখানে বিস্তারিত কথা হয়। আইন পাসের আগে ও পরে পর্যালোচনা কেন জরুরি, সে প্রসঙ্গও আলোচনায় আসে।
দুই পক্ষ নিজ নিজ দেশের আইন প্রণয়ন কাঠামো, সংসদীয় চর্চা ও অভিজ্ঞতা একে অপরের সঙ্গে ভাগ করে নেয়।
যুক্তরাজ্যের পক্ষে উপস্থিত ছিলেন হাউস অব কমন্সের প্যানেল অব চেয়ারসের সদস্য ভ্যালেরি ভাজ এমপি, হাউস অব লর্ডসের অবসর ও অংশগ্রহণবিষয়ক কমিটির চেয়ার ব্যারোনেস টেইলর অব বোল্টনসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
সংসদীয় কাজের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আইন প্রণয়ন প্রক্রিয়াকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করতে দুই দেশের পারস্পরিক সহযোগিতার প্রশ্নটি বৈঠকে গুরুত্ব পায়।