দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে আজ প্রিয় বিদ্যাপীঠে ফিরেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক শিক্ষার্থীরা। প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তিতে দিনভর হীরকজয়ন্তী উদযাপন করছে বিশ্ববিদ্যালয়টি। সাবেক আর বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, শিক্ষকদের সঙ্গে দেখা, পুরোনো বন্ধু-সহপাঠীদের সঙ্গে স্মৃতিচারণ আর আড্ডায় সরগরম ক্যাম্পাসের সবুজ চত্বর।
সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর শহীদ মিনার চত্বর থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা, যা অগ্রণী ব্যাংক মোড় ও নিরাপত্তা স্তম্ভ মোড় ঘুরে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে থামে।
শোভাযাত্রার পর কাটা হয় ছয় দশক পূর্তির কেক। দিনের বাকি আয়োজনে আছে আলোচনা সভা ও স্মৃতিচারণ, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাবেক শিক্ষার্থীরা যাতে সহজে আসতে পারেন, সে জন্য বিশেষ পরিবহনের ব্যবস্থাও করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীদের জন্য নগরের নানা জায়গা থেকে ছাড়ছে ৫০টি বাস ও বিশেষ শাটল ট্রেন। ক্যাম্পাসের ভেতরে চলাচলের জন্য রাখা হয়েছে ই-কার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৯৬৬ সালের ১৮ নভেম্বর। শুরুতে কলা অনুষদের অধীনে চারটি বিভাগ, অর্থাৎ বাংলা, ইংরেজি, ইতিহাস ও অর্থনীতিতে স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা চালু হয়।
সে সময় শিক্ষার্থী ছিলেন মাত্র ২০০ জন, শিক্ষক সাতজন। অল্প অবকাঠামো আর জনবল নিয়ে যাত্রা করা প্রতিষ্ঠানটি ছয় দশক পেরিয়ে আজ বহুমাত্রিক শিক্ষা ও গবেষণার কেন্দ্র।
পাহাড়, টিলা আর সবুজে মোড়া ২ হাজার ৩১২ একরের ক্যাম্পাসে ছড়িয়েছে শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার পরিধি। সময়ের সঙ্গে বিভাগ, অনুষদ, ইনস্টিটিউট বেড়েছে; বেড়েছে শিক্ষক-শিক্ষার্থী আর গবেষণার সুযোগও।
বিশ্ববিদ্যালয়ের এখনকার পরিসরেও সেই অগ্রগতির ছাপ স্পষ্ট। হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের পাহাড়ি এলাকায় মূল ক্যাম্পাস, আয়তনে ২ হাজার ৩১২ দশমিক ৩২ একর। নগর থেকে প্রায় ২২ কিলোমিটার উত্তরের এই ক্যাম্পাস দেশের অন্যতম বড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হিসেবে পরিচিত।
বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক প্রশাসনিক তথ্য বলছে, এখানে এখন ৪৮টি বিভাগ, ছয়টি ইনস্টিটিউট ও পাঁচটি গবেষণা কেন্দ্র আছে। অনুষদ ৯টি। এসব বিভাগ ও ইনস্টিটিউটে পড়ছেন প্রায় সাড়ে ২৬ হাজার শিক্ষার্থী, পাঠদান ও গবেষণায় যুক্ত প্রায় ১ হাজার শিক্ষক। শিক্ষার্থীদের থাকার জন্য রয়েছে ১৪টি আবাসিক হল ও একটি হোস্টেল।
হীরকজয়ন্তী ঘিরে বিশ্ববিদ্যালয়ের নানা স্থাপনা ও গুরুত্বপূর্ণ জায়গা রঙিন সাজে সাজানো হয়েছে। আলোকসজ্জা, পরিচ্ছন্নতা আর সৌন্দর্যবর্ধনে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ। মূল অনুষ্ঠানমালা হচ্ছে কেন্দ্রীয় খেলার মাঠে, যেখানে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ীদের নিয়ে জমে উঠেছে বড় এক মিলনমেলা।
ছয় দশকের পথচলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হয়ে থাকেনি। দেশের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও জায়গা করে নিয়েছে।
শিক্ষা, প্রশাসন, বিচার বিভাগ, চিকিৎসা, সাংবাদিকতা, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতিসহ নানা ক্ষেত্রে অবদান রাখছেন এখানকার প্রাক্তন শিক্ষার্থীরা। প্রিয় ক্যাম্পাসের সঙ্গে ছয় দশকের সম্পর্ক উদযাপনে স্মৃতির টানে তাদের অনেকে আজ ফিরে এসেছেন।
এমনই একজন চাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘এই ক্যাম্পাস আমাদের নানা স্মৃতির সাক্ষ্য বহন করছে। তাই তো, সুযোগ পেলেই বারবার ফিরে আসি এই সবুজ ক্যাম্পাসে।’
চবির ২৮তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ বিন মিজানুর কায়েস বাসসকে জানান, এই ক্যাম্পাসে তাঁর অনেক স্মৃতি। সেই শাটল ট্রেন আর ঝুপড়ির আড্ডা খুব মনে পড়ে। তাই বন্ধুরা মিলে গতকালই ক্যাম্পাসে চলে এসেছেন তারা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, এই আয়োজন কেবল ছয় দশক পূর্তির আনুষ্ঠানিকতায় আটকে থাকবে না; সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে নতুন সেতুবন্ধ গড়বে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য, অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে।
চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘চবির হীরকজয়ন্তী উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনের উদ্যোগ নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের এক বিশাল মিলনমেলা ঘটেছে আজ।’