পিএএইচওর ঘোষণা: যুক্তরাষ্ট্রে হাম নির্মূলের অর্জন আর নেই, এ বছর আক্রান্ত ৫ হাজার ৪০০ ছাড়িয়েছে

আপলোড সময় : ১৮-১১-২০২৬ , আপডেট সময় : ১৮-১১-২০২৬

একসময় নিয়ন্ত্রণে আসা হাম যুক্তরাষ্ট্রে আবার বড় জনস্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। টিকা দেওয়ার হার কমে যাওয়ায় দেশটিতে রোগটি নতুন করে ছড়িয়ে পড়ছে। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।

ইউটাহ অঙ্গরাজ্যের শিশু সংক্রামক রোগ বিশেষজ্ঞ ট্রাহার্ন ডব্লিউ জোনস এএফপিকে বলেন, ‘হামকে আমরা ইতিহাসের একটি রোগ বলেই মনে করতাম। যুক্তরাষ্ট্রে এ রোগের রোগী দেখার কথা ছিল না।’

প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও) মঙ্গলবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র হাম নির্মূলের অর্জন ধরে রাখতে পারেনি। চলতি বছর এখন পর্যন্ত দেশটিতে ৫ হাজার ৪০০ জনের বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছেন। জোনস যেখানে কাজ করেন, সেই ইউটাহতেই আক্রান্ত ৫০০ ছাড়িয়েছে।

জোনস বলেন, ‘এটি যেন অতীতের কোনো ভূতকে বাস্তবে ফিরে আসতে দেখার মতো।’

তাঁর ধারণা, অত্যন্ত ছোঁয়াচে এই রোগে প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি। এ বছর তিনি নিজেই অনেক আক্রান্ত শিশুর চিকিৎসা করেছেন বলে এমনটা মনে করছেন।

হামে সাধারণত শরীরে লালচে ফুসকুড়ি ওঠে, রোগ শনাক্তের এটি অন্যতম প্রধান লক্ষণ। এ ছাড়া জ্বর আর শ্বাসতন্ত্রের সমস্যা হয়; গুরুতর হলে নিউমোনিয়া ও মস্তিষ্কে প্রদাহ দেখা দিতে পারে। এসব জটিলতা থেকে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসমস্যা, এমনকি মৃত্যুও হতে পারে।

‘জীবনের সবচেয়ে ভয়াবহ অসুস্থতা’

জোনসের কথায়, হামে আক্রান্ত শিশুরা সাধারণত ‘অত্যন্ত কষ্টকর পরিস্থিতির মধ্য দিয়ে যায়’।

তিনি বলেন, ‘একটি শিশুর জীবনে এর চেয়ে ভয়াবহ অসুস্থতার অভিজ্ঞতা খুব কমই হতে পারে।’

পেনসিলভানিয়ার একটি শিশু হাসপাতালের শিশু সংক্রামক রোগ বিশেষজ্ঞ জেসিকা এরিকসন জানান, এই বসন্ত থেকে এখন পর্যন্ত তাঁর বিভাগে হাম নিয়ে প্রায় ৩০ জন রোগী এসেছেন।

পেনসিলভানিয়ায় এ বছর হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০০ জনের বেশি। অঙ্গরাজ্যটিতে উল্লেখযোগ্য সংখ্যক আমিশ সম্প্রদায়ের মানুষ থাকেন, ধর্মীয় বিশ্বাসের কারণে যাদের অনেকে টিকা নেন না। সেখানে এ পর্যন্ত হামে সাতজন মারা গেছেন, তাদের কেউই টিকা নেননি।

এরিকসন এএফপিকে বলেন, ‘হামের জ্বর সাধারণ ভাইরাসজনিত রোগের তুলনায় অনেক বেশি তীব্র হয়ে থাকে। সাধারণ অসুস্থতায় আমরা যে মাত্রার জ্বর দেখতে অভ্যস্ত, হামের ক্ষেত্রে তা অনেক বেশি।’

তিনি ব্যাখ্যা দেন, হাম ভাইরাস সরাসরি শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার মারাত্মক ক্ষতি করে, তাই এ রোগে নানা জটিলতার ঝুঁকিও বেশি। তাঁর হিসাবে, আক্রান্তদের প্রায় ১০ থেকে ২০ শতাংশের মূল রোগের সঙ্গে আরও নানা ধরনের স্বাস্থ্য জটিলতা দেখা দেয়।

এরিকসন আরও বলেন, ‘হামের কারণে মস্তিষ্কে স্থায়ী ও অপরিবর্তনীয় ক্ষতি হতে পারে, যার লক্ষণ হয়তো ১০ বছর পরও প্রকাশ পেতে পারে।’

চিকিৎসক পল অফিটের মনে আছে ৩০ বছরেরও বেশি আগের হাম প্রাদুর্ভাবের কথা। রোগটি কতটা ভয়ংকর হতে পারে, তা নিয়ে সাধারণ মানুষের সচেতনতার ঘাটতিতে তিনি উদ্বিগ্ন।

অফিট এএফপিকে বলেন, ‘এই ভাইরাসে মানুষ কতটা অসুস্থ হতে পারে, এমনকি মারা যেতে পারে—অনেকেই তা আর মনে রাখেন না।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসাবিজ্ঞানের অনেক বিষয়ই এখনো আমাদের অজানা। কিন্তু হামের ক্ষেত্রে আমরা জানি কী করতে হবে। কেউ যদি চিকিৎসার স্বাধীনতার নামে টিকা না নেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে প্রাণঘাতী হতে পারে এমন সংক্রমণে আক্রান্ত হওয়া এবং অন্যদের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার স্বাধীনতা তার থাকা উচিত নয়।’

জোনস মনে করেন, হাম ফিরে আসার বড় কারণ ‘ভয়াবহ ভুল তথ্যের মহামারি’।

তিনি বলেন, টিকা না পাওয়া শিশুদের অনেকে ধর্মীয় সম্প্রদায়ের সদস্য। তবে আরও অনেক শিশু এমন পরিবারের, যারা সামাজিক যোগাযোগমাধ্যম আর কেন্দ্রীয় সরকারের নানা পরস্পরবিরোধী বক্তব্য ও তথ্যে হামের টিকার গুরুত্ব নিয়ে বিভ্রান্ত হয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :