বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানার সঙ্গে বৈঠকে দেশটির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে এ বৈঠক হয়। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে সামনে এগিয়ে নিতে বাংলাদেশ আগ্রহী বলেও জানান মন্ত্রী।
দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে প্রতিনিধিদল বিনিময়ের ওপর বৈঠকে জোর দেওয়া হয়। দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে সমঝোতা স্মারক সই আর বাণিজ্য চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করার প্রসঙ্গও আলোচনায় আসে।
রাষ্ট্রদূতের ভাষ্য, দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে কসোভোর অবস্থান কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। এর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দেশটির শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা মিলিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা ইউরোপের বাজারে ঢোকার সুযোগ পেতে পারেন।
কসোভোতে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, ওষুধ এবং তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কথা হয়। লিগনাইট, তামা ও দস্তার মতো কসোভোর খনিজ সম্পদ ঘিরে যৌথ উদ্যোগ এবং কৃষি ও সেবা খাতে সহযোগিতা নিয়েও দুই পক্ষ মত বিনিময় করে।
শিক্ষা, সংস্কৃতি ও জনশক্তি খাতে পারস্পরিক সহযোগিতা চালিয়ে যাওয়ার বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।