সারা দেশে নৈরাজ্য, অগ্নি-সন্ত্রাস ও লুটপাটের প্রতিবাদে আজ বরগুনায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দলটির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাসীরা এসব ঘটাচ্ছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপি কার্যালয় থেকে সন্ত্রাসবিরোধী মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সেটি আবার বিএনপি কার্যালয়ে ফিরে শেষ হয়।
মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা। জেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা এতে যোগ দেন।
মিছিল শেষে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে নজরুল ইসলাম মোল্লা বলেন, সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে অগ্নি-সন্ত্রাস, ককটেল বিস্ফোরণ ও লুটপাট চালাচ্ছে। বিএনপির নেতা-কর্মী এবং সব পেশাজীবীকে এক হয়ে এই সন্ত্রাস রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।