অপরাধে দণ্ডিত না হলেও অপরাধলব্ধ সম্পদ জব্দ করার সুযোগ রেখে বহুল প্রতীক্ষিত একটি বিল পাস করেছেন ইন্দোনেশিয়ার আইনপ্রণেতারা। দুর্নীতির দীর্ঘদিনের সমস্যা মোকাবিলাই এর উদ্দেশ্য।
জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে প্রথম সম্পদ বাজেয়াপ্তকরণ আইনটি পাস হয়। প্রথম উত্থাপনের ১৮ বছর পর বিলটি আইনে রূপ পেল।
পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে আইনপ্রণেতা হাবিবুরোখমান বলেন, এত দিন কেবল দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদই জব্দ করা যেত।
আইনের চূড়ান্ত পাঠ এখনো প্রকাশ হয়নি। তবে এএফপির হাতে আসা একটি খসড়া অনুযায়ী, সন্দেহভাজন কেউ মারা গেলে, অসুস্থ হলে বা পলাতক থাকলে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত না করেও তার সম্পদ বাজেয়াপ্ত করা যাবে। সেক্ষেত্রে সম্পদের মূল্য হতে হবে অন্তত ১০০ কোটি রুপিয়া (প্রায় ৫৪ হাজার ৭৫৮ ডলার)।
হাবিবুরোখমানের ভাষ্য, দুর্নীতি, মাদক পাচার, আর্থিক জালিয়াতি, সন্ত্রাসবাদ ও মানব পাচারের মাধ্যমে কামানো সম্পদ এ আইনে বাজেয়াপ্ত করা যাবে।
আইনটি অপব্যবহার করে কেউ যেন রাজনৈতিক স্বার্থ হাসিল করতে না পারে, সে জন্য একটি স্বাধীন সংস্থা গঠন করা হবে বলেও জানান তিনি। সংস্থার সদস্যদের মনোনয়ন দেবেন প্রেসিডেন্ট, অনুমোদন দেবে পার্লামেন্ট।
বিলটি পাসের দাবিতে গত আগস্টে পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেছিলেন আন্দোলনকারীরা।
দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ২০২৫ সালের দুর্নীতির ধারণাসূচকে ইন্দোনেশিয়ার স্কোর ১০০-এর মধ্যে মাত্র ৩৪।