পুড়েছে থানা-এমপির বাড়িসহ বহু স্থাপনা

​হামলা-অগ্নিসংযোগে বিপর্যস্ত গোপালগঞ্জ

আপলোড সময় : ১৯-১১-২০২৬ , আপডেট সময় : ১৯-১১-২০২৬

পারভেজ লিপু, গোপালগঞ্জ থেকে: থানা থেকে সংসদ সদস্যের বাড়ি, রাজনৈতিক কার্যালয় থেকে ব্যাংক, হাসপাতাল থেকে ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠান—কোনোটিই বাদ যায়নি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ থেকে। কোথাও আগুনে পুড়েছে যানবাহন, কোথাও ভস্মীভূত হয়েছে বসতবাড়ি। আবার কোথাও গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে মহাসড়ক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আট দফা দাবির লকডাউন ও বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে গত তিন দিনের সহিংসতায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোপালগঞ্জজুড়ে। 

এসব ঘটনায় পুলিশ, বিজিবি, সাংবাদিক ও আন্দোলনকারীসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লকডাউনের দিন সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিল-সমাবেশ শুরু হয়। বিভিন্ন মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে রামদা, চায়নিজ কুড়াল, লাঠি, ঢাল, সড়কি ও লগি-বইঠার মতো দেশীয় অস্ত্র দেখা যায়। শহরের লঞ্চঘাট এলাকায় জড়ো হয়ে তাঁরা বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। কাশিয়ানীর ঘোনাপাড়া, তিলছড়া, গোপালপুর, তারাইল ও ফুকরাসহ বিভিন্ন স্থানে আটকা পড়েন যাত্রী ও পরিবহনশ্রমিকেরা। বৃষ্টির মধ্যেও অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতি গ্রামে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, কয়েক শ নেতাকর্মী মিছিল নিয়ে বাড়িটিতে প্রবেশ করেন। তাঁরা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাটের পর আগুন ধরিয়ে দেন। একই গ্রামের সংসদ সদস্যের সমর্থক হিসেবে পরিচিত লিমন মোল্যা, মনির মোল্যা, শাহিন ফকির ও রফিক মোল্লার বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া কাশিয়ানী উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক লাল চাঁন ফকিরের ঘোনাপাড়ার বাড়ি এবং পরানপুরে ওয়ার্ড বিএনপি নেতা বুলবুল মোল্যার বাড়িতে ভাঙচুর চালানো হয়। তিলছড়া বাজারে বিএনপি ও জামায়াতের দুই নেতার ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলার খবর পাওয়া গেছে। গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এফএনএফ নামের একটি সুপারশপেও ভাঙচুর করা হয়।

এরপর দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, মিছিল নিয়ে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানায় প্রবেশ করে বিভিন্ন কক্ষে ভাঙচুর চালান। পরে থানার ভেতরে থাকা কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার সময় থানায় কোনো পুলিশ সদস্য ছিলেন না বলে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন। বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে পুলিশ সদস্যদের দেখা যায়নি বলেও তাঁদের দাবি। ঘটনার প্রায় দুই ঘণ্টা পরও থানা ভবন ও যানবাহনে আগুন জ্বলতে দেখা যায়। থানায় হামলা ও অগ্নিসংযোগের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে আগুন দেওয়ার পর কয়েকজনকে সেলফি তুলতে ও ভিডিও ধারণ করতে দেখা যায়। এ সময় একজনকে ‘দে দে, জয় বাংলা করে দে... এই যে মুকসুদপুর থানা’ বলতে শোনা যায়। অন্য একটি ভিডিওতে কয়েক শ ব্যক্তিকে থানায় প্রবেশ করে গাড়ি ও মোটরসাইকেলে আগুন দিতে এবং ভবনের নিচতলা ও দোতলায় ভাঙচুর চালাতে দেখা যায়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির বলেন, থানায় আগুন দেওয়া হয়েছে। কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত যানবাহনের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে কোনো পুলিশ সদস্য হতাহত হননি।
একই সময়ে গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএইচ খান মঞ্জুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদারের ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতেও ভাঙচুর চালানো হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে দ্বিতীয় দফায় হামলার শিকার হয় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। এর আগের রাতেও হাসপাতালটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

তিন দিন ধরে সহিংসতার বিস্তার
লকডাউনের দিনের হামলা-ভাঙচুরের আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকেই গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই দিন আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের ছাড়িয়ে নেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু হলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হয়ে মিছিল নিয়ে থানায় হামলা চালান।

হামলাকারীরা থানা ভবনে ভাঙচুরের পাশাপাশি পুলিশের ছয়টি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন এবং গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। এ সময় পুলিশ সদস্যরা থানা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।

খবর পেয়ে জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হলে নিলফা বাজার এলাকায় তাঁদের বহরে হামলা হয়। সেখানে বিজিবির একটি এপিসিসহ একটি জিপ এবং মোট চারটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় দুই বিজিবি সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।

সেদিন রাত ৯টার দিকে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি এবং তাঁর আত্মীয়স্বজনের আরও ১৭টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে বাড়িগুলো ভস্মীভূত হয়ে যায়। এর আগে রাত পৌনে ৯টার দিকে টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলা ও ধাওয়ার শিকার হন চার সাংবাদিক। তাঁরা হলেন বাংলা পোস্টের স্টাফ রিপোর্টার আরিফ শেখ, একাত্তর টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান এবং নবধারার রাকিব চৌধুরী।

বুধবার (১৮ নভেম্বর) রাতেও সহিংসতার নতুন ঘটনা ঘটে। গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের শহরের বাসভবন ও তাঁর মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এ ছাড়া কাশিয়ানী উপজেলা সদরের বাসস্ট্যান্ড ও ঘোনাপাড়া এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়, দলীয় তোরণ এবং গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা চালানো হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিল নিয়ে আসা আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালিয়ে আগুন দেন এবং বিএনপির একটি তোরণ পুড়িয়ে দেন। পরে ঘোনাপাড়া বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর করে ভেতরের গুরুত্বপূর্ণ কাগজপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফেরার পথে রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয় ও বাজারের একটি দোকানেও ভাঙচুর চালানো হয়।

একই রাতে কোটালীপাড়া উপজেলার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাজা মেয়ার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বর্ষাপাড়া গ্রামে বিএনপির একটি দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়। ধারাবাশাইল ও সাদুল্লাপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়েও ভাঙচুর চালানো হয়। ওই দিন কাশিয়ানী উপজেলা পাইলট স্কুলের সামনে বিক্ষোভ মিছিলের মুখে পড়ে হামলায় গুরুতর আহত হন পুলিশ পরিদর্শক আবু আলম (৫২)।

অবরোধে বিচ্ছিন্ন যোগাযোগ, নিরাপত্তায় ২৭ প্লাটুন বিজিবি
লকডাউনের আগের দিন বুধবার বিকেল থেকেই জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধের প্রস্তুতি দেখা যায়। ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী অংশের অন্তত পাঁচটি স্থানে এবং গোপালগঞ্জ শহরের বেদগ্রাম থেকে নিচুপাড়া পর্যন্ত সড়কের পাশে ১০টির বেশি স্থানে গাছ কেটে সড়কে ফেলে রাখা হয়। ১৭ নভেম্বর রাত থেকেই টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে রাখায় গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।

টানা কয়েক দিনের হামলা, অগ্নিসংযোগ ও সংঘর্ষের পর জেলার বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কোথাও কোথাও আগুন জ্বলতে দেখা গেলেও তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা চোখে পড়েনি বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

এদিকে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বিজিবি, এপিবিএন ও আনসার সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার দুপুরে আরও ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এ নিয়ে জেলায় মোট ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

একটানা সহিংসতা, রাজনৈতিক স্থাপনায় হামলা, বসতবাড়িতে অগ্নিসংযোগ ও মহাসড়ক অবরোধে গোপালগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :