সম্রাট আকবর, নারায়ণগঞ্জ ব্যুরো প্রধান: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুটি স্থানে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় এশিয়ান হাইওয়েতে একটি খড়বোঝাই ট্রাকে এবং সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে দুটি যানবাহনই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে খড়বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬) ভোর সাড়ে ৩টার দিকে জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার জামে মসজিদের সামনে পৌঁছায়। খড় নামানোর অপেক্ষায় ট্রাকটি সড়কের পাশে দাঁড় করিয়ে ভেতরে ঘুমিয়ে পড়েন চালক ও তার সহকারী। ভোর সাড়ে ৫টার দিকে এক নারী পথচারী ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে চালককে ডেকে তোলেন। ওই পথচারীর ভাষ্য অনুযায়ী, এর কিছুক্ষণ আগে একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
আগুনের বিষয়টি টের পেয়ে চালক ট্রাকটি রক্ষার জন্য প্রায় ১৫০ গজ সামনে এগিয়ে নিয়ে যান। পরে সড়কের পাশের পানিতে জ্বলন্ত খড় ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে সোনারগাঁ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি দল সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে যায়।
অন্যদিকে, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু এলাকায় ‘মামা ভাগিনা পরিবহনের’ (পাহাড়িকা) একটি লোকাল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাসটি রাজধানীর সায়েদাবাদ থেকে গৌরীপুরের উদ্দেশে যাচ্ছিল। পথে কাঁচপুর সেতু এলাকায় যাত্রী তোলার সময় যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা বাসটির পেছনের অংশে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। তবে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিসংযোগের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে রেকারের সাহায্যে পুড়ে যাওয়া বাসটি সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
কাঁচপুর হাইওয়ে পুলিশ ইনচার্জ (ওসি) জুয়েল রানা বলেন, যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। তবে আগুনের ঘটনায় কোনো যাত্রীর ক্ষতি হয়নি। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং পুড়ে যাওয়া বাসটি রেকারের মধ্যমে সরানো হচ্ছে। এদিকে, খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সোনারগাঁ থানা-পুলিশ।