চার সমুদ্রবন্দরে ফের ৩ নম্বর সংকেত, অন্ধ্র-উড়িষ্যা উপকূলের দিকে দুর্বল ‘আকভান’

আপলোড সময় : ২০-১১-২০২৬ , আপডেট সময় : ২০-১১-২০২৬

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে আবারও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পশ্চিমমধ্য বঙ্গোপসাগরের প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ খানিকটা দুর্বল হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে, আজ ১১টা নাগাদ এটি ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

আজ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘আকভান’ এখন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় রয়েছে। এর অবস্থান ১৮.৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৪.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

আজ সকাল ৬টায় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে। কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এর দূরত্ব ছিল ৮৬৫ কিলোমিটার, মোংলা থেকে ৭০০ কিলোমিটার আর পায়রা থেকে ৭৩০ কিলোমিটার—সবই দক্ষিণপশ্চিম দিকে।

ঘূর্ণিঝড়কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা বা ঝড়ো হাওয়ার আকারে তা ৮৮ কিলোমিটার পর্যন্ত উঠছে। কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরের সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :