চ্যাম্পিয়নস লিগের বিজয়ী নিয়ে ভবিষ্যদ্বাণী

আপলোড সময় : ০৭-০৫-২০২৬ , আপডেট সময় : ০৭-০৫-২০২৬
সুপারকম্পিউটার অপটার দাবি, প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতবে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। তবে ফাইনালে প্যারিস সেন্ট-জার্মেইর পক্ষেই বাজি ধরেছেন স্টিভেন জেরার্ড। ৮ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নেই কোনো স্প্যানিশ ক্লাব। তবে ফাইনালিস্ট দুই দলের ডাগআউট সামলাবেন দুই স্প্যানিশ কোচ।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতি মৌসুমেই অন্তত একটি স্প্যানিশ ক্লাব খেলেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। কিন্তু টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে নেই স্পেনের কোনো প্রতিনিধি। তবুও এবারের ফাইনালে থাকছে স্পেনের ছোঁয়া। ইতিহাস গড়ার অপেক্ষায় লুইস এনরিকে ও মিকেল আর্তেতা।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এই প্রথম একই দেশের দুই কোচ মুখোমুখি হচ্ছেন। পাশাপাশি, আসরের ফাইনালে এবারই প্রথম দেখা যাবে দুই স্প্যানিশ কোচকে।

আর্সেনাল কোচ মিকেল আর্তেতার সামনে কঠিন চ্যালেঞ্জ। ক্লাব ইতিহাসে প্রথমবার ইউরোপসেরার মুকুট জয়ের অপেক্ষায় আছে গানাররা। অন্যদিকে অভিজ্ঞ কোচ লুইস এনরিকের লক্ষ্য ডাগআউটে দাঁড়িয়ে নিজের তৃতীয় ট্রফি জেতা। তবে ফাইনালটা কঠিন হবে বলেও জানিয়েছেন তিনি।

পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, আমি মিকেল আর্তেতাকে সম্মান করি। ছোটবেলায় আমরা সতীর্থ ছিলাম। কয়েক বছর ধরে সে আর্সেনালে দারুণ কাজ করছে। তাদের বিপক্ষে ফাইনালটা কঠিন হবে, তবে আমার দলের ওপর আত্মবিশ্বাস আছে।

ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করতে গিয়ে পিএসজির দুই উইঙ্গার খভিচা কাভারাতসখেলিয়া ও ওসমান দেম্বেলের প্রশংসায় পঞ্চমুখ থিয়েরি অঁরি। অন্যদিকে ফাইনালে পিএসজিকেই এগিয়ে রাখছেন স্টিভেন জেরার্ড।

সাবেক ফুটবলার থিয়েরি অঁরি বলেন, কাভারাতসখেলিয়া আর দেম্বেলে যেকোনো দলের রক্ষণভাগের জন্য বিপজ্জনক। নিজেদের মধ্যে তাদের বোঝাপড়াও দারুণ। আর্সেনালের জন্য কঠিন এক ম্যাচ অপেক্ষা করছে।

সাবেক ফুটবলার স্টিভেন জেরার্ড বলেন, বায়ার্নের বিপক্ষে যেভাবে খেলেছে এবং স্কোয়াডের গভীরতা বিবেচনায় পিএসজি ফেভারিট। ফাইনালে ওঠার পথে আর্সেনালের প্রতিপক্ষ তুলনামূলক সহজ ছিল। তবে পুরো আসরজুড়ে তারাও দুর্দান্ত খেলেছে। ফাইনাল জিততে হলে ভাগ্যের পাশাপাশি নিখুঁত ফুটবলও খেলতে হবে।

এদিকে, অপটার সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, গতবারের সেমিফাইনাল হারের প্রতিশোধ নিয়ে পিএসজিকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতবে আর্সেনাল। গানারদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৫৫ দশমিক ৭৬ শতাংশ।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :