কারিনার পর এবার হেপাটাইটিস এ–তে আক্রান্ত ডিজে সনিকা

আপলোড সময় : ১৯-০৫-২০২৬ , আপডেট সময় : ১৯-০৫-২০২৬

সদ্য প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের পর এবার হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে সনিকা। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।

জানা গেছে, হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর বনানীর ইয়র্ক হাসপাতালে ভর্তি আছেন। 

হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সনিকা লেখেন, ‘আগামী কয়েকদিনের জন্য এটাই আমার ঘর।’ সঙ্গে একটি সাদা হৃদয়ের ইমোজিও জুড়ে দেন তিনি।
 

তার অসুস্থতার খবর প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।

উল্লেখ্য, ২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে ক্যারিয়ার শুরু করেন সনিকা। অল্প সময়েই দেশের সংগীতাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এই শিল্পী।

ডিজে মিউজিকে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ সম্মাননা পান তিনি। পরে তিনি গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন এবং ২০১৪ সালে প্রকাশ করেন তাঁর প্রথম মিউজিক ভিডিও ‘ভাল্লাগে’।

শুধু সংগীতেই নয়, ছোট পর্দাতেও কাজ করেছেন সনিকা। ২০১৫ সালে তিনি অভিনয়ে নাম লেখান এবং ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার।

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :