​পুশইনের চেষ্টা ব্যর্থ

সীমান্ত থেকে ১০ জনকে সরিয়ে নিল বিএসএফ

আপলোড সময় : ০৩-০৬-২০২৬ , আপডেট সময় : ০৩-০৬-২০২৬ ০৪:৪১:৩২ অপরাহ্ন

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে পুশইনের উদ্দেশ্যে জড়ো করা ১০ জনকে তিন দিন পর সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তের শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করা ওই ব্যক্তিদের মঙ্গলবার (৩ জুন) বিকেলে সরিয়ে নেওয়ার পর এলাকায় বিরাজমান উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়েছে।

তবে সরিয়ে নেওয়া ব্যক্তিরা বর্তমানে কোথায় অবস্থান করছেন বা অন্য কোনো সীমান্তপথে বাংলাদেশে প্রবেশ করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিজিবির দাবি, তাদের কঠোর অবস্থান ও প্রতিরোধের মুখেই বিএসএফ ওই ব্যক্তিদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

বুধবার (৪ জুন) সকালে সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত ব্যক্তিদের আর দেখা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অতিরিক্ত মোতায়েন করা বিজিবি সদস্যদেরও প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় নিয়মিত টহল কার্যক্রম চলছে।

এর আগে, সাদিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে টানা তিন দিন বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ সময় শূন্যরেখায় আটকে থাকা ১০ জন খোলা আকাশের নিচে অত্যন্ত কষ্টকর অবস্থায় দিন কাটান।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, কোনো ধরনের দ্বিপক্ষীয় নিয়ম বা প্রক্রিয়া অনুসরণ না করেই ওই ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ উদ্দেশ্যে তাদের সীমান্তের শূন্যরেখায় বসিয়ে রাখা হয়। প্রখর রোদ ও প্রতিকূল পরিবেশে ঝোপঝাড়ের মধ্যে অবস্থান করায় তারা চরম দুর্ভোগে পড়েন।

তবে আটকে থাকা ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক—এমন কোনো গ্রহণযোগ্য প্রমাণ বা তথ্য না পাওয়ায় তাদের গ্রহণে অস্বীকৃতি জানায় বিজিবি। বাহিনীটি স্পষ্টভাবে জানিয়ে দেয়, নাগরিকত্ব যাচাই ছাড়া কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

এর আগে গত শনিবার (৩১ মে) রাতে বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতের হরিদাসপুর এলাকায় তিনটি ট্রাকে করে শতাধিক মানুষকে এনে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানো হয়। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সে চেষ্টা ব্যর্থ হয়। স্থানীয় সূত্রের দাবি, সীমান্তের ভারতীয় অংশে এখনও আরও শতাধিক মানুষ অবস্থান করছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ভারতে অনুপ্রবেশকারী শনাক্তকরণ ও উচ্ছেদ কার্যক্রম জোরদার হওয়ার পর সীমান্তবর্তী এলাকাগুলোতে নতুন চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশ-ভারত সীমান্তেও। বিশেষ করে ভারতে জন্মগ্রহণ ও দীর্ঘদিন বসবাসকারী অনেক মানুষের নাগরিকত্ব নিয়ে জটিলতা দেখা দেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাদিপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আক্তারুজ্জামান লিটু বলেন, “সীমান্তে এখন আর ওই মানুষদের দেখা যাচ্ছে না। তবে বিএসএফ অন্য কোনো সীমান্তপথ ব্যবহার করে তাদের ঢোকানোর চেষ্টা করতে পারে। তাই বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। গ্রামবাসীও দেশপ্রেমের জায়গা থেকে বিজিবিকে সার্বিক সহযোগিতা করছে।”

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “বিএসএফ যদি প্রচলিত নিয়ম ও দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করে কাউকে ফেরত পাঠায়, তাহলে যাচাই-বাছাই শেষে তাদের গ্রহণ করা হবে। কিন্তু কোনো নিয়ম-নীতি না মেনে জোরপূর্বক কাউকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা মেনে নেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “মঙ্গলবার বিকেল থেকে পুশইনের উদ্দেশ্যে জড়ো করা ব্যক্তিদের বিএসএফ সরিয়ে নেওয়ায় তাদের আর সীমান্তে দেখা যাচ্ছে না। তবে পরিস্থিতি বিবেচনায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।”

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :