যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল পৌরসভার বড়আচড়া গ্রামে পূর্ব বিরোধের জেরে সোহাগ (৩৬) নামে এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
শুক্রবার (৬ জুন) রাত ১০টার দিকে বড়আচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সোহাগ ওই গ্রামের হায়দার আলীর ছেলে। বর্তমানে তিনি একই এলাকার মশিয়ারের বাড়ির নিচতলায় ভাড়া থাকেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে সোহাগকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি জানালা ভেদ করে ঘরের ভেতরে প্রবেশ করলেও লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজা ভেদ করে বাইরে চলে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোহাগ জানান, পূর্বের একটি আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, “ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।”
খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।