ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর এলাকায় মোহাম্মদ হেদায়েতুল ইসলাম প্রকাশ ইকবাল (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) সকালে নিজ বাড়ির সামনে সড়কের ওপর মোটরসাইকেলসহ তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত ইকবাল মমারিজপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহের পাশ থেকে একটি ডুলিবাঁশ উদ্ধার করা হয়েছে।
নিহতের স্ত্রী মর্জিনা আক্তার হাসনার অভিযোগ, ইকবালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে তিনি এ ঘটনায় কাউকে সরাসরি সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেননি।
এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, “এটি হত্যা নাকি দুর্ঘটনা—তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিভিন্ন দিক গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।