​পরশুরামের কিসমত শালধরে ৫০০ পরিবারে আতঙ্ক, স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার চেষ্টা

আপলোড সময় : ০৭-০৬-২০২৬ , আপডেট সময় : ০৭-০৬-২০২৬

এম. এমরান পাটোয়ারী, ফেনী : ফেনীর পরশুরাম উপজেলার কিসমত শালধর গ্রামে মুহুরী নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন আতঙ্কে প্রায় ৫০০ পরিবার নির্ঘুম রাত কাটাচ্ছে। ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে যেকোনো সময় লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কায় স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার চেষ্টা চালাচ্ছেন।

উপজেলার চিথলিয়া ইউনিয়নের কিসমত শালধর এলাকায় মুহুরী নদীর প্রায় ২৫০ মিটার অংশে ঝুঁকিপূর্ণ বাঁধে ইতোমধ্যে মেরামত কাজ শুরু হয়েছে। তবে স্থানীয়দের মতে, এর পাশেই মোল্লাবাড়ি সংলগ্ন আরও প্রায় ২০০ মিটার বাঁধ মারাত্মক ঝুঁকিতে রয়েছে, যা যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে।

স্থানীয়রা জানান, সরকারি উদ্যোগে কিছু অংশে কাজ চললেও ঝুঁকিপূর্ণ ওই ২০০ মিটার অংশে এখনো টেকসই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে নিজের ঘরবাড়ি ও ফসল রক্ষায় গ্রামবাসী নিজ উদ্যোগে বালুর বস্তা ফেলে এবং বাঁশের খুঁটি স্থাপন করে ভাঙন রোধে চেষ্টা চালাচ্ছেন।

তারা আরও জানান, এই সাময়িক উদ্যোগ প্রকৃতির রুদ্ররূপের সামনে কতটা টিকবে তা নিয়ে তারা চরম শঙ্কায় রয়েছেন। দ্রুত স্থায়ী ও টেকসই সংস্কার না হলে মুহুরী নদীর পানি বৃদ্ধি পেলেই বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে।

কিসমত শালধর গ্রামের মোল্লাবাড়ির বাসিন্দা আবু আহমেদ মোল্লা বলেন, “গত বন্যায় বাঁধের এক ফুট ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ে লোকালয়ে ঢুকেছিল। দক্ষিণ পাশে পানি উন্নয়ন বোর্ড কাজ করায় এ পাশের বাঁধ আরও ঝুঁকিতে পড়তে পারে। দ্রুত ২০০ মিটার অংশে স্থায়ী ব্যবস্থা না নিলে ৪০০ থেকে ৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত হবে।”

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

চিথলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক বলেন, মোল্লাবাড়ি সংলগ্ন উত্তর পাশের বাঁধটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত সংস্কারের জন্য তিনি পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো জরুরি ভিত্তিতে মেরামতের কাজ চলছে। পর্যায়ক্রমে সব ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কার করা হবে।”

সম্পাদকীয় :

 সম্পাদক ও প্রকাশক : এসএম শহীদ উল্লাহ, নির্বাহী সম্পাদক : শারমিন সুলতানা, ব্যবস্থাপনা সম্পাদক : এসকে তমিজ উদ্দিন

অফিস : ১৯৩/১ (৩য় তলা) মতিঝিল, ঢাকা - ১০০০ থেকে প্রকাশিত। মোবাইল : 01753492430, ই-মেইল : ajkerawaz73@gmail.com

অফিস :