• বিনোদন
  • মারধর-অ্যাসিড নিক্ষেপের পর এবার হত্যাচেষ্টা, ফের কাঠগড়ায় অভিনেতা ডিপজল

মারধর-অ্যাসিড নিক্ষেপের পর এবার হত্যাচেষ্টা, ফের কাঠগড়ায় অভিনেতা ডিপজল

বিনোদন ১ মিনিট পড়া
মারধর-অ্যাসিড নিক্ষেপের পর এবার হত্যাচেষ্টা, ফের কাঠগড়ায় অভিনেতা ডিপজল

পূর্বের মামলার জের ধরে অপহরণ, মারধর এবং পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকির অভিযোগে ফের নতুন মামলায় জড়ালেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তার এবং সহযোগী মো. ফয়সালের বিরুদ্ধে ভুক্তভোগী নারী ভক্তের স্বামী এবার হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন।

আইনি পদক্ষেপ ও আদালতের নির্দেশনা

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ-উর-রহমানের নিকট এই ফৌজদারি মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী আব্দুল মজিদ এবং তার স্ত্রী রাশিদা আক্তার এর আগে গত ৮ জুলাই ডিপজল ও তার সহযোগীর বিরুদ্ধে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে একটি মামলা করেছিলেন। সেই মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

পূর্বের মামলার জের ও নতুন অভিযোগ

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, পূর্বের অ্যাসিড নিক্ষেপের মামলা দায়ের করার পর থেকেই ডিপজল ও তার সন্ত্রাসী বাহিনী বাদী ও তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য লাগাতার হুমকি দিয়ে আসছিল। হুমকির মুখে পরিবারটি তাদের দারুস সালামের বাসা ছেড়ে যাত্রাবাড়ী এলাকায় চলে আসতে বাধ্য হয়।

অভিযোগে আরও বলা হয়, এরপরেও হুমকি বন্ধ হয়নি। গত ৪ সেপ্টেম্বর বাদীর অনুপস্থিতিতে ডিপজলের ১০ থেকে ১২ জন সহযোগী তাদের যাত্রাবাড়ীর বাসায় জোরপূর্বক প্রবেশ করে ভাঙচুর চালায় এবং নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সেই সময় বসায় বাদীর মেয়ে একা থাকায় তাকে ধর্ষণ করা হয় বলেও মারাত্মক অভিযোগ তোলা হয়েছে। এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে একটি ধর্ষণের মামলাও দায়ের করা হয়েছে।

অপহরণ, নির্যাতন ও হত্যার হুমকি

ঘটনার ভয়াবহতা বর্ণনা করে মামলার বাদী উল্লেখ করেন, গত ১ নভেম্বর যাত্রাবাড়ী থানার পেছনের একটি হোটেল থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। একটি সিএন জিচালিত অটোরিকশায় করে তাকে শনির আখড়া এলাকার একটি ভবনের পঞ্চম তলায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করা হয়। তিনি রাজি না হওয়ায় অভিযুক্ত ফয়সালসহ অন্যরা তাকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে। এক পর্যায অভিনেতা ডিপজল নিজে বাদীর কপালে পিস্তল ঠেকিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দেন। তখন তিনি পরাণভিক্ষা চেয়ে মামলা তুলে নেওয়ার আশ্বাস দিলে তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও সাড়ে তিন হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পরবর্তীত দুই দিনের মধ্যে মামলা প্রত্যাহারের শর্তে তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে যাওয়া হয়। তার স্ত্রী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এজাহারে আরও উল্লেখ করা হয়, এই ঘটনায় গত ৩ নভেম্বর যাত্রাবাড়ী থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ করেনি।