আন্তর্জাতিক জলসীমায় ইরানের ‘ডেনা’ যুদ্ধজাহাজকে লক্ষ্য করে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আরাঘচি। তিনি একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন এবং বলেছেন, তেহরান এর আইনি জবাবদিহিতা নিশ্চিত করবে।
তিনি ‘ডেনা’ জাহাজের ক্রুদের উদ্ধারের জন্য শ্রীলঙ্কাকে ধন্যবাদ জানিয়েছেন এবং ইরানি জাহাজ ও কর্মীদের সুরক্ষার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
গত বুধবার শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী গালে থেকে ১৯ নটিক্যাল মাইল দূরে মার্কিন বাহিনীর হামলায় ‘আইআরআইএস ডেনা’ যুদ্ধজাহাজটি ডুবে যায়।
তিনটি ইরানি জাহাজ ৯ ও ১৩ মার্চ শ্রীলঙ্কা সফরের অনুমতি চেয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে বলে জানিয়েছের শ্রীলঙ্কান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে।
তিনি জানান, ইরানি সরকার ২৬ ফেব্রুয়ারি সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে এ সফরের জন্য শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছিল।
শ্রীলঙ্কান প্রেসিডেন্ট উল্লেখ করেন, জাহাজগুলো শ্রীলঙ্কার জলসীমার কাছে অবস্থান করছিল এবং মানবিক অনুরোধে জাহাজের দুজন কর্মকর্তাকে দেশে আনা হয়েছে।
তিনি আরও জানান, আইআরআইএস বুশেহর নামের একটি ইরানি জাহাজ কলম্বো বন্দরের কাছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন এলাকায় নোঙর করা রয়েছে। জাহাজটি শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি চেয়েছে ও জাহাজের ক্রুদের উদ্ধার করে তীরে আনা হয়েছে।