• বিনোদন
  • ক্যারিয়ারের ভয়ে ৩০ বছর আগে গোপনে বিয়ে, জুহির শিল্পপতি স্বামীর সম্পদের পরিমাণ শুনলে চমকে উঠবেন

ক্যারিয়ারের ভয়ে ৩০ বছর আগে গোপনে বিয়ে, জুহির শিল্পপতি স্বামীর সম্পদের পরিমাণ শুনলে চমকে উঠবেন

বিনোদন ১ মিনিট পড়া
ক্যারিয়ারের ভয়ে ৩০ বছর আগে গোপনে বিয়ে, জুহির শিল্পপতি স্বামীর সম্পদের পরিমাণ শুনলে চমকে উঠবেন

ট্রাক ভর্তি গোলাপ পাঠিয়েছিলেন জয় মেহতা, কিন্তু কেরিয়ার হারানোর ভয়ে বিয়ের খবর লুকিয়ে রেখেছিলেন জুহি। জন্মদিনে ফিরে দেখা সেই প্রেম, আড়াল এবং এক বিলিয়ন ডলার সাম্রাজ্যের অজানা গল্প।

তখন তিনি বলিউডের শীর্ষস্থানীয় নায়িকা। ‘কেয়ামত সে কেয়ামত তাক’, ‘ডর’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’-এর মতো সুপারহিট ছবির মাধ্যমে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন জুহি চাওলা। ঠিক সেই সময়েই, খ্যাতির মধ্যগগনে থেকেই তিনি এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন—গোপনে বিয়ে করবেন ব্যবসায়ী জয় মেহতাকে। সেই সিদ্ধান্তের পর কেটে গেছে প্রায় তিন দশক। আজ ৫৭ পেরিয়ে ৫৮ বছরে পা রাখলেন মিষ্টি হাসির এই অভিনেত্রী। তাঁর জন্মদিনে ফিরে দেখা যাক সেই গোপন প্রেম ও পরিণয়ের রোমাঞ্চকর কাহিনী।

ট্রাক ভর্তি গোলাপ থেকে গোপন পরিণয়

জয় মেহতা বরাবরই প্রচারবিমুখ একজন মানুষ। বলিউডের প্রথম সারির তারকাকে বিয়ে করেও তিনি নিজেকে আলোচনার কেন্দ্রবিন্দু থেকে দূরে রেখেছেন। কিন্তু কীভাবে শুরু হয়েছিল এই প্রেম? এক সাক্ষাৎকারে জুহি জানিয়েছিলেন, বিয়ের জন্য ‘হ্যাঁ’ বলার আগে জয়কে প্রায় এক বছর অপেক্ষা করিয়েছিলেন তিনি।

জুহির কথায়, “বিয়ের আগে জয় আমাকে প্রতিদিন চিঠি লিখত। বিয়ের পর অবশ্য সেই অভ্যাস বন্ধ হয়ে যায় (হাসি)। তখন চিঠি আর কার্ডের যুগ ছিল। এক ডিনারে আমাদের প্রথম দেখা হয়। তারপর থেকেই সে আমার চারপাশে ঘুরঘুর করত। একবার জন্মদিনে ও এক ট্রাক ভর্তি লাল গোলাপ পাঠিয়েছিল। আর আমি ওকে হ্যাঁ বলতে প্রায় এক বছর সময় নিয়েছিলাম।”

এই তারকা জুটি ১৯৯৫ সালে গাঁটছড়া বাঁধলেও সম্পর্কটি সম্পূর্ণ গোপন রাখেন। বিয়ের খবর প্রথম প্রকাশ্যে আসে ২০০১ সালে, যখন তাঁদের প্রথম সন্তান জাহ্নবী মেহতা জুহির গর্ভে। কিন্তু কেন এই গোপনীয়তা? চলচ্চিত্র সমালোচক রাজীব মাসান্দকে দেওয়া এক সাক্ষাৎকারে জুহি এর কারণ ব্যাখ্যা করে বলেন, “আমি তখন সবেমাত্র ইন্ডাস্ট্রিতে ভালোভাবে প্রতিষ্ঠিত হচ্ছিলাম, কেরিয়ার তুঙ্গে। ঠিক তখনই জয় আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি ভীষণ ভয় পেয়েছিলাম যে, বিয়ের খবর প্রকাশ্যে এলে আমার কেরিয়ার হয়তো শেষ হয়ে যাবে! তাই ভেবেছিলাম, চুপচাপ বিয়েটা সেরে ফেলি এবং কাজ চালিয়ে যাই।”

জয়ের জীবনের সেই মর্মান্তিক অধ্যায়

জুহির সঙ্গে গাঁটছড়া বাঁধার আগে জয় মেহতা বিবাহিত ছিলেন। তিনি বিয়ে করেছিলেন শিল্পপতি যশ বিড়লার বোন সুজাতা বিড়লাকে। কিন্তু দুর্ভাগ্যবশত, ১৯৯০ সালে ইন্ডিয়ান এয়ারলাইনসের ফ্লাইট ৬০৫ দুর্ঘটনায় সুজাতার মর্মান্তিক মৃত্যু হয়। প্রথম স্ত্রীর এই আকস্মিক মৃত্যুতে জয় গভীরভাবে ভেঙে পড়েছিলেন। সেই কঠিন সময়ে বন্ধু হিসেবে জুহি তাঁর পাশে দাঁড়ান এবং ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়।

কে এই জয় মেহতা? জানুন বিলিয়ন ডলারের সাম্রাজ্য

জয় মেহতা মুম্বাইভিত্তিক বহুজাতিক সংস্থা ‘দ্য মেহতা গ্রুপ’-এর চেয়ারম্যান, যার সদর দপ্তর গান্ধীনগরে অবস্থিত। উত্তরাধিকার সূত্রে বাবা মহেন্দ্র মেহতা এবং মা সুনয়না মেহতার কাছ থেকে তিনি এই বিশাল ব্যবসার দায়িত্ব পান। তাঁর দাদা নানজি কালিদাস মেহতা বিংশ শতাব্দীর শুরুতে এই ব্যবসার সূচনা করেন।

আজ ‘দ্য মেহতা গ্রুপ’-এর ব্যবসা চিনিশিল্প, সিমেন্ট, প্যাকেজিং, ফুল চাষ, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে বৈদ্যুতিক তার উৎপাদনের মতো বহু খাতে বিস্তৃত। যুক্তরাষ্ট্র ও আফ্রিকাতেও এই কোম্পানির একাধিক শাখা রয়েছে। একটি প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে এই বহুজাতিক প্রতিষ্ঠানের মোট Market Value প্রায় ২.১ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭,৫৫৫ কোটি রুপি)।

এছাড়াও, জয় মেহতা আইপিএল (IPL) দল কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর সহ-মালিক। ২০০৭ সালে বন্ধু শাহরুখ খানের সঙ্গে মিলে তিনি প্রায় ৬২৩ কোটি টাকায় এই দলটি কিনেছিলেন। ২০২৫ সালে এসে যার ব্র্যান্ড ভ্যালু বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯,১৩৯ কোটি রুপি।

জুহি-জয়ের বিলাসবহুল জীবন

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি জয় ও জুহির ব্যক্তিগত সংগ্রহও ঈর্ষণীয়। তাঁদের গাড়ির বিশাল সংগ্রহের পাশাপাশি রয়েছে একাধিক বিলাসবহুল সম্পত্তি। মুম্বাইয়ে তাঁদের বাসস্থানটি একটি দৃষ্টিনন্দন দোতলা ডুপ্লেক্স, যার ডিজাইন করেছেন শ্রীলঙ্কার প্রখ্যাত স্থপতি চান্না দাসওয়াত্তে। প্রায় ২,২০০ বর্গফুটের এই বাসভবনের বারান্দা থেকে আরব সাগরের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। এ ছাড়া গুজরাটের পোরবন্দরে তাঁদের একটি ঐতিহ্যবাহী পৈতৃক বাড়িও রয়েছে।