• খেলা
  • মেসি-লাউতারোর গোলে জয় দিয়ে বছর শেষ করল আর্জেন্টিনা

মেসি-লাউতারোর গোলে জয় দিয়ে বছর শেষ করল আর্জেন্টিনা

খেলা ১ মিনিট পড়া
 মেসি-লাউতারোর গোলে জয় দিয়ে বছর শেষ করল আর্জেন্টিনা

ফিফা প্রীতি ম্যাচে র‍্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা অ্যাঙ্গোলাকে ২-০ গোলে হারাল বিশ্বচ্যাম্পিয়নরা, গোল করে ও করিয়ে নায়ক সেই লিওনেল মেসিই।

২০২৫ সালটা জয়ের আবিরেই শেষ করল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বছরের শেষ ফিফা প্রীতি ম্যাচে লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসির গোলে অ্যাঙ্গোলাকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে লিওনেল স্ক্যালোনির দল। যদিও সহজ জয়ের দিনেও একাধিক সুযোগ নষ্ট করেছে আলবিসেলেস্তেরা।

অ্যাঙ্গোলার ঐতিহাসিক আয়োজন ও লড়াই

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ম্যাচটি আয়োজন করেছিল অ্যাঙ্গোলা। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৯ কোটি টাকা ব্যয়ে শুক্রবার (১৪ নভেম্বর) লুয়ান্ডার ১১ নভেম্বর স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হয় তারা। ফিফা র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার চেয়ে ৮৮ ধাপ পিছিয়ে থাকলেও ঘরের মাঠে দুর্দান্ত লড়াই উপহার দিয়েছে আফ্রিকান দেশটি। আর্জেন্টিনার মুহুর্মুহু আক্রমণের জবাবে বেশ কয়েকটি পাল্টা আক্রমণও সাজিয়েছিল তারা, তবে এমিলিয়ানো মার্টিনেজের রক্ষণদেয়াল ভাঙা সম্ভব হয়নি।

প্রথমার্ধের ডেডলক ভাঙলেন লাউতারো

নিয়মিত একাদশের একাধিক খেলোয়াড়কে ছাড়া মাঠে নামলেও ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনা। ১৯তম মিনিটেই গোলের সহজতম সুযোগটি পেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু অ্যাঙ্গোলার গোলরক্ষক হুগো মার্কেসের সঙ্গে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতেও গোল করতে ব্যর্থ হন তিনি। এরপরও চলতে থাকে আক্রমণ। অবশেষে ৪৪তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। লিওনেল মেসির বুদ্ধিদীপ্ত পাস বক্সের ডানপ্রান্তে ফাঁকায় খুঁজে নেয় লাউতারো মার্টিনেজকে। ইন্টার মিলানের এই স্ট্রাইকার নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ালে ডেডলক ভাঙে আর্জেন্টিনা। তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দল।

দ্বিতীয়ার্ধে মেসির গোল ও নতুন অভিষেক

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে আর্জেন্টিনা। কোচ স্ক্যালোনি এই অর্ধে বেশ কয়েকজন খেলোয়াড়কে পরখ করে নেন। ৫৮তম মিনিটে জিওভানি লো সেলসোর বদলি হিসেবে মাঠে নামেন কেভিন ম্যাক অ্যালিস্টার, যিনি লিভারপুলের তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের ভাই। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার অভিষেক ম্যাচ।

অনেক চেষ্টার পর ম্যাচের ৮১তম মিনিটে গোলের দেখা পান অধিনায়ক লিওনেল মেসি। রদ্রিগো ডি পলের কাছ থেকে পাস পেয়ে বক্সের বাঁ প্রান্ত থেকে নেওয়া কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এর পাঁচ মিনিট পর তাকে তুলে নেন কোচ। শেষদিকে অ্যাঙ্গোলা একটি গোল শোধের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ফলে ২-০ গোলের স্বস্তির জয় নিয়েই বছর শেষ করে বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী বছরের মার্চে ফিনালিসিমা ম্যাচে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।