রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে যাচ্ছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পেয়েছেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ‘আগুনের খবর পেয়ে প্রথম ধাপে ৭টি ইউনিট পাঠানো হয়। কিন্তু সড়কে যানজটের কারণে ইউনিটগুলো সময় মতো পৌঁছাতে পারেনি। সন্ধ্যা ৬টা ৬ মিনিটে সেখানে পৌঁছায়। দ্বিতীয় ধাপে পাঠানো হয় আরও ৪টি ইউনিট। এগুলো পৌঁছায় ৬টা ২৫ মিনিটে। তৃতীয় ধাপে ৫টি ইউনিট পাঠানো হয়েছে। এরপর আরও ৫টি ইউনিট পাঠানো হয়।’
তিনি আরও বলেন, ‘তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা সম্ভব হয়নি।’