• দেশজুড়ে
  • বগুড়ার ধুনটে নিম্নমানের কার্পেটিং: রাতের আঁধারে কাজ, পরদিন সকালেই উঠে যাচ্ছে রাস্তা

বগুড়ার ধুনটে নিম্নমানের কার্পেটিং: রাতের আঁধারে কাজ, পরদিন সকালেই উঠে যাচ্ছে রাস্তা

দেশজুড়ে ১ মিনিট পড়া
বগুড়ার ধুনটে নিম্নমানের কার্পেটিং: রাতের আঁধারে কাজ, পরদিন সকালেই উঠে যাচ্ছে রাস্তা

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি-মরিচতলা হাট সড়কে তড়িঘড়ি করে রাতের অন্ধকারে রাস্তা কার্পেটিং করার অভিযোগ উঠেছে এক ঠিকাদারের বিরুদ্ধে। নিম্নমানের কাজের কারণে পরদিন সকালেই হাতের টানে উঠে যাচ্ছে সদ্য পাকা করা কার্পেটিং। এ বিষয়ে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না স্থানীয়রা।

নিম্নমানের কাজের অভিযোগ ও সরেজমিন চিত্র শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে সরেজমিন অনুসন্ধানে এলাকাবাসীর অভিযোগের সত্যতা পাওয়া যায়। স্থানীয়দের ভাষ্য, রাস্তাটিতে শুরু থেকেই নিম্নমানের কাজ চলছিল। ঠিকাদার তাদের বাধা উপেক্ষা করেই কাজ চালিয়ে যান। কার্পেটিংয়ের পুরুত্ব এবং বিটুমিনের পরিমাণ চুক্তিমতো দেওয়া হয়নি। হাত দিয়ে টান দিলেই রাস্তার কার্পেটিং উঠে যাওয়ার দৃশ্য দেখা গেছে, যা নিম্নমানের কাজের প্রমাণ দেয়।

প্রকল্পের বিস্তারিত ও কাজ শেষের সময়সীমা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, এলজিইডি ভান্ডারবাড়ি উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে মরিচতলা হাট সড়কের ৪৪৫ মিটার অংশ পাকা করার সিদ্ধান্ত নেয়। ২০২৩-২০২৪ অর্থবছরে এই কাজের জন্য দরপত্র আহ্বান করা হয় এবং মেসার্স অন্তরা কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে ২০২৪ সালের ১৬ মে কার্যাদেশ দেওয়া হয়। সড়কটির নির্মাণকাজের চুক্তি মূল্য ছিল ৩৭ লাখ ৭৩ হাজার ৬০৯ টাকা। চুক্তি অনুযায়ী, ২০২৪ সালের ২৩ মে কাজ শুরু করে ওই বছরের ১০ নভেম্বরের মধ্যে শেষ করার কথা থাকলেও ঠিকাদার নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেননি। অবশেষে গত মঙ্গলবার রাতে তড়িঘড়ি করে কাজটি সম্পন্ন করা হয়।

স্থানীয়দের ক্ষোভ ও ঠিকাদারের ভূমিকা জাহিদ হাসান সাগর নামে এক স্থানীয় যুবক জানান, রাস্তার এই কাজে শুরু থেকেই ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে। নিম্নমানের বিটুমিন ব্যবহারের ফলেই কার্পেটিং হাত দিলেই উঠে যাচ্ছে। এলাকাবাসী ভালোভাবে কাজ করার কথা বললেও ঠিকাদার কারো কথা শোনেননি। এই বিষয়ে ঠিকাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এলজিইডি কর্তৃপক্ষের আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ধুনট উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন এই বিষয়ে বলেন, রাস্তার কয়েকটি স্থানে কার্পেটিং উঠে যাওয়ার বিষয়টি তাদের নজরে এসেছে। নির্মাণ সামগ্রীর মিশ্রণে ত্রুটির কারণেই এই সমস্যা সৃষ্টি হয়েছে। তিনি ঠিকাদারের সঙ্গে কথা বলেছেন এবং দ্রুত সময়ের মধ্যে নতুন করে কার্পেটিং করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

Tags: road construction bogra lged dhunat substandard-work contractor-corruption