‘নীলাম্বরি’র জন্য ঐশ্বরিয়াই ছিলেন প্রথম ভাবনা আগামীকাল ১২ ডিসেম্বর কে. এস. রবিকুমার নির্মিত ব্লকবাস্টার সিনেমা 'পডিয়াপ্পা' বিশ্বজুড়ে পুনরায় মুক্তি পাচ্ছে। এ উপলক্ষে ‘দ্য রিটার্ন অব পডিয়াপ্পা’ শিরোনামে একটি ভিডিও বার্তা দিয়েছেন রজনীকান্ত। সেখানেই তিনি এই গোপন তথ্য প্রকাশ্যে আনেন। রজনীকান্ত জানান, যখন 'নীলাম্বরি' চরিত্রটি কল্পনা করা হয়েছিল, তখন তার মনে কেবল ঐশ্বরিয়া রাইয়ের ছবিই ভেসে উঠেছিল। কারণ চরিত্রটি ছিল তামিল সিনেমার অন্যতম শক্তিশালী নারী চরিত্র। তিনি বলেন, “চরিত্রটিতে কাস্ট করার জন্য আমাদের টিম ৩ মাস চেষ্টা করেছিল। এমনকি, ঐশ্বরিয়ার আত্মীয়স্বজনদের মাধ্যমেও যোগাযোগের চেষ্টা করা হয়েছিল।”
এক বছর অপেক্ষার জন্যও প্রস্তুত ছিলেন নির্মাতারা থালাইভা খ্যাত এই সুপারস্টার আরও জানান, ঐশ্বরিয়া যদি রাজি হতেন, তবে তারা সিনেমাটির জন্য এক বছর অপেক্ষা করতেও প্রস্তুত ছিলেন। রজনীকান্ত বলেন, “যদি তিনি (ঐশ্বরিয়া) বলতেন যে, 'চরিত্রটি ভালো এবং আমাদের অপেক্ষা করতে হবে', তবে আমরা এক বছর অপেক্ষা করতাম। কারণ এই চরিত্রটি সঠিকভাবে ফুটিয়ে তোলা দরকার ছিল। না হলে সিনেমাটা ভালো চলত না।” কিন্তু পরে তারা বুঝতে পারেন, এই চরিত্রে ঐশ্বরিয়া আগ্রহী নন।
যেভাবে এলেন রম্যা কৃষ্ণান ঐশ্বরিয়া প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর রজনীকান্ত পরিচালককে বলেছিলেন, 'নীলাম্বরি' চরিত্রে এমন কাউকে নিতে হবে যার চোখে শক্তি আছে এবং যার উপস্থিতি দাপুটে। উপযুক্ত অভিনেত্রী না পাওয়া গেলে প্রজেক্টটি স্থগিত রাখার কথাও ভাবা হয়েছিল। শেষ পর্যন্ত পরিচালকের প্রস্তাবে রম্যা কৃষ্ণানকে নেওয়া হয় এবং তার শক্তিশালী অভিনয় ইতিহাস তৈরি করে।
‘পডিয়াপ্পা ২’ কি আসছে? পুরনো স্মৃতিচারণের পাশাপাশি ভক্তদের জন্য নতুন আশার আলোও দেখিয়েছেন রজনীকান্ত। ভিডিও বার্তায় তিনি কালজয়ী সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের প্রস্তাব দেন। তিনি এর নামও প্রস্তাব করেন—‘নীলাম্বরি: পডিয়াপ্পা টু’। তবে নির্মাতারা এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। (তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া)