• কর্পোরেট কর্নার
  • আইইউবিএটি’তে ‘গ্লোবাল সাসটেইনেবিলিটি ও টেকসই ভবিষ্যৎ’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

আইইউবিএটি’তে ‘গ্লোবাল সাসটেইনেবিলিটি ও টেকসই ভবিষ্যৎ’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

কর্পোরেট কর্নার ১ মিনিট পড়া
আইইউবিএটি’তে ‘গ্লোবাল সাসটেইনেবিলিটি ও টেকসই ভবিষ্যৎ’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) পরিবেশ বিজ্ঞান বিভাগ সম্প্রতি 'গ্লোবাল সাসটেইনেবিলিটি ও টেকসই ভবিষ্যৎ' শীর্ষক একটি সফল জাতীয় সেমিনার আয়োজন করেছে। বুধবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত এই আয়োজনে ইউনেস্কো প্রতিনিধি, পরিবেশ বিশেষজ্ঞ, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অংশ নেন। সেমিনারে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সম্পদ সংরক্ষণ ও টেকসই ভবিষ্যৎ গঠনের বিভিন্ন কৌশল নিয়ে গভীর আলোচনা হয়।

অনুষ্ঠানের সূচনা ও স্বাগত বক্তব্য জাতীয় সংগীত পরিবেশন ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান এবং সাবেক উপউপাচার্য অধ্যাপক মাহমুদা খানমের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় । পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতাউর রহমান স্বাগত বক্তব্য ও কি-নোট উপস্থাপন করেন। তিনি প্রকৃত সম্পদ স্থায়িত্ব নিশ্চিত করতে মানব আচরণ ও ভোগ-ব্যবহারের ধরণ পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন ।

টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের গুরুত্ব আইইউবিএটির কোষাদক্ষ্য অধ্যাপক সেলিনা নারগিস পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের অবিচ্ছেদ্য সম্পর্ক তুলে ধরেন। তিনি এই লক্ষ্য অর্জনে ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন ।

নগর সবুজায়ন ও দূষণ রোধে গবেষণা আইইউবিএটির শিক্ষক ড. মো. শফিকুল ইসলাম, ড. এম রেহান দস্তগীর ও ড. ফেরদৌস আহমেদ তাদের গবেষণা ফলাফল উপস্থাপন করেন। তারা ঢাকার বায়ুদূষণ ও শব্দদূষণ কমাতে নগর সবুজায়নের ভূমিকা নিয়ে আলোকপাত করেন । অন্যদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. সোহাগ মিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেশীয় বৃক্ষ প্রজাতি সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদি বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীদের সফলভাবে সম্পৃক্ত করার উদাহরণ তুলে ধরেন ।

ইউনেস্কো ও পরিবেশ অধিদপ্তরের অংশগ্রহণ গেস্ট অব অনার হিসেবে পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সরকারের পরিচালক মি. মাসুদ ইকবাল মোদ্দাস শামীম দেশের পরিবেশ নীতি, নিয়ন্ত্রক কাঠামো ও ভবিষ্যৎ অগ্রাধিকার বিষয়ে বক্তব্য দেন । ইউনেস্কো বাংলাদেশ অফিসের প্রধান ও ইউনেস্কোর প্রতিনিধি (বেলেম, ব্রাজিল) ড. সুসান ভাইজ ভবিষ্যৎ বৈশ্বিক সাসটেইনেবিলিটি কাঠামোতে মূল সিদ্ধান্ত বাস্তবায়ন, জবাবদিহিতা ও তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন । এছাড়া, বিধান চন্দ্র পাল, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, প্রভা অরোরা, ক্ষতিপূরণ নির্ভর জলবায়ু কৌশলের পরিবর্তে উদ্ভাবনী ও সম্প্রসারণযোগ্য সমাধানের ওপর গুরুত্ব দেন ।

সমাপনী আহ্বান ও আইইউবিএটি'র ভূমিকা সমাপনী ভাষণে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব প্রতিটি ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানকে দৈনন্দিন জীবনে সম্পদ সংরক্ষণের বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, বৈশ্বিক অঙ্গীকার তখনই অর্থবহ হয় যখন তা স্থানীয় বাস্তবায়নে প্রতিফলিত হয় । পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মরিয়ম সুলতানা ম্যারি ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিশেষে, সম্মানিত অতিথিদের স্মারক প্রদান ও গ্রুপ ছবি তোলার মাধ্যমে দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

এই সেমিনারটি আইইউবিএটির টেকসই শিক্ষা প্রচেষ্টার ধারাবাহিকতাকে আরও জোরদার করে। বাধ্যতামূলক পরিবেশ বিজ্ঞান কোর্স, বার্ষিক সাসটেইনেবিলিটি ডে পালন এবং কমিউনিটি উদ্যোগে জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জনের মাধ্যমে আইইউবিএটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে ।

Tags: climate change sustainable future iubat national seminar global sustainability environmental science unesco resource conservation urban greening