সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডের আরিচামুখী লেনে শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বাসটি থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায় ।
অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ
সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম জানান, রাত ১০টা ২ মিনিটে বাসে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় । পরে ১০টা ৬ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং প্রায় ১০টা ১৫ মিনিটের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ।
তদন্ত ও প্রাথমিক ধারণা
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি । তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিতে পারে ।
এদিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । তবে এখন পর্যন্ত বাসটির চালক বা মালিকের সন্ধান পাওয়া যায়নি। আগুনের সূত্রপাতের কারণ জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে । ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক হলে যানবাহন চলাচল পুনরায় শুরু হয় ।