• জাতীয়
  • গণঅভ্যুত্থানের নেতা ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ

গণঅভ্যুত্থানের নেতা ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ

সোমবার দুপুরে একটি এয়ারঅ্যাম্বুলেন্সে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হবে। তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে রাষ্ট্র।

জাতীয় ১ মিনিট পড়া
গণঅভ্যুত্থানের নেতা ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ারঅ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে পাঠানো হবে। তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার রাষ্ট্র বহন করবে।

প্রধান উপদেষ্টার নির্দেশে জরুরি সিদ্ধান্ত

ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় ।

সরকারের তৎপরতা এবং প্রস্তুতি

গত দুদিন ধরে ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালের সাথে যোগাযোগ করে আসছিল। রোববার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ ও পরিবারের সদস্যদের সাথে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে পুরো বিষয়টি অবহিত করা হয় ।

স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল ও অপরিবর্তিত রয়েছে । সোমবার দুপুরে তাকে সিঙ্গাপুরে স্থানান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে ।

চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার রাষ্ট্রের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন যে ওসমান হাদির চিকিৎসাসংক্রান্ত সব ব্যয়ভার রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তিনি তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা ।

Tags: july uprising evercare hospital osman hadi sharif osman hadi inkilab moncho singapore treatment muhammed yunus