জাতিসংঘ ২০২৪ সালে 'বিশ্ব মেডিটেশন দিবস'-এর ঘোষণা দিলেও মেডিটেশনের চর্চা বহু প্রাচীন। এটি আসলে মনের ব্যায়াম, যা মনকে স্থির রাখার এক পুরোনো পদ্ধতি। মনকে ভালো রাখার এক অব্যর্থ হাতিয়ার হিসেবে এটি মনের শক্তিকে নানা কাজে লাগানোর এক পরীক্ষিত প্রক্রিয়া। মনকে প্রশান্ত করে শরীর সুস্থ রাখার এটি এক কার্যকর অনুশীলন, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।
মেডিটেশনের মাধ্যমে শারীরিক ও মানসিক সুফল নিয়মিত মেডিটেশন অনুশীলনে মন প্রশান্ত ও অচঞ্চল হয়। এতে স্নায়ুপেশি শিথিল হয়। মন চাপমুক্ত হওয়া এবং দেহের শিথিলতার ভেতর দিয়ে মনোদৈহিক রোগের ঝুঁকি কমে যায়। একই সঙ্গে বৃদ্ধি পায় রোগপ্রতিরোধ ক্ষমতা, যার ফলে শারীরিক সুস্থতার পরিমাণও বেড়ে যায়।
পেশাগত জীবন ও পারিবারিক সম্পর্কে মেডিটেশনের ভূমিকা দেহ-মনের ভালো থাকার মাত্রা বৃদ্ধি পেলে তার ইতিবাচক প্রভাব পড়ে পেশা জীবনে। শিক্ষার্থীরা এর মাধ্যমে মনোযোগ, আত্মবিশ্বাস ও আগ্রহ বাড়াতে পারে, কমে যায় পরীক্ষাভীতি এবং সুস্পষ্ট হয় জীবনের লক্ষ্য। এটি বর্তমান সময়ের 'জেন-জি'দের (Gen-Z) জন্য খুবই জরুরি। চাকরিজীবীদের ক্ষেত্রে বাড়ে কাজের প্রতি আন্তরিকতা ও নিজের কাজ ভালোভাবে করার প্রত্যয়। ব্যবসায়ীরা শান্তভাবে সকল পরিস্থিতি মোকাবিলা করার সক্ষমতা অর্জন করেন।
গৃহিণীদের মধ্যে বাড়ে ধৈর্য ও মমতা, যা সঠিক 'প্যারেন্টিং'-এর মৌলিক শর্ত। এর ফলে পরিবার সুখী ও সফল হয়। পরিবারকে সুখী করতে মেডিটেশন এখন বহু কাউন্সেলরের আবশ্যকীয় পরামর্শ উপাদান, কারণ মন সমমর্মী হলে যেকোনো সম্পর্কই আরো সুন্দর হয়ে ওঠে। এছাড়াও আত্মিক উন্নতির জন্য মেডিটেশনের ভূমিকা অনস্বীকার্য— নিয়মিত চর্চাকারীরা আগের চেয়ে আরও বেশি মানবিক হয়ে ওঠেন এবং সেবামূলক নানা কাজে যুক্ত হন।
বাংলাদেশে মেডিটেশন চর্চা বাংলাদেশে তিন দশকেরও বেশি সময় ধরে কোয়ান্টাম ফাউন্ডেশন মেডিটেশন চর্চাকে জনপ্রিয় করে তুলছে। তাদের হাজার হাজার সদস্য ও শুভানুধ্যায়ী নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেরা ভালো থাকছেন এবং অন্যদেরকেও ভালো রাখছেন। পাশাপাশি তাঁরা সামাজিক-মানবিক নানা কাজে যুক্ত হচ্ছেন।
দিবস উপলক্ষে বিশেষ আয়োজন আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত হাজারো ধ্যানীর উপস্থিতিতে মেডিটেশনের বিশেষ আয়োজন থাকছে। এ ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেটসহ দেশব্যাপী উল্লেখযোগ্য বিভিন্ন স্থানে অসংখ্য শান্তিপ্রিয় মানুষ একসঙ্গে মেডিটেশন করবেন, যারা বিশ্বাস করেন, 'মন ভালো তো সব ভালো'। সংশ্লিষ্ট সবার প্রত্যাশা, এই দিবসকে কেন্দ্র করে আরও অনেক মানুষ ভালো থাকার এই মিছিলে যুক্ত হবেন।