বুধবার, (২৪ ডিসেম্বর ২০২৫) টেকনাফ থানাধীন দক্ষিণ শিলখালী চৌকিদার পাড়া এলাকা থেকে শুরু হয়ে বাহারছড়া–হোয়াইক্যং পাহাড়ি অঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মো. আফজাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে অভিযানে অংশ নেয় টেকনাফ থানা পুলিশ, বাহারছড়া তদন্ত কেন্দ্র, র্যাব–১৫, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা পুলিশের সদস্যরা।
যৌথ বাহিনী প্রায় ১৪ কিলোমিটার দুর্গম পাহাড়ি পথে অভিযান পরিচালনাকালে ডাকাত ও অপহরণকারী চক্রের ব্যবহৃত তিনটি ডেরা শনাক্ত করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি রাইফেলের পাঁচটি খালি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য মোহাম্মদ ইউনুছ মিয়া (৪০) কে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বিভিন্ন চক্র সক্রিয় ছিল। এসব চক্র দমনে যৌথ বাহিনীর এমন অভিযান স্থানীয় জনগণের মাঝে স্বস্তি ফিরিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।