নরসিংদীতে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় আকলিমা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর জেলখানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আকলিমা বেগম সদর উপজেলার হাজীপুর গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান,বৃদ্ধ আকলিমা বেগম ৬ বছর বয়সী জুনাইদ নামের এক নাতিকে সাথে নিয়ে জেলখানা মোড়ে মহাসড়কে রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঢাকামুখী একটি ট্রাকের নীচে চাপা পড়েন ওই নারী। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি, আহত হয় সঙ্গে থাকা শিশুটি। এসময় স্থানীয় জনতা ট্রাকটি আটক করেন এবং চালককে পিটিয়ে আহত করে।
ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত করেছে। ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।