এর আগে বেলা ১১টা ০৪ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর ফিরোজা ভবন থেকে বের হয়। গাড়িবহরে লাল সবুজ রঙের বাসটিও রয়েছে।
তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের সদস্যরা জানাজাস্থলে গিয়েছেন। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ বহনকারী বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িটি ফিরোজা ভবনে প্রবেশ করে। তারও আগে সকাল ৯টার একটু আগে এভারকেয়ার হাসপাতাল থেকে তিনবারের প্রধানমন্ত্রীর মরদেহ বের করা হয়। ফিরোজা ভবনে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান স্বজন ও দলীয় নেতাকর্মীরা।
মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। এদিকে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল নেমেছে। জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।