এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) সোনা বিক্রি হবে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।
আজ বুধবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম কমার তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দুই লাখ ১৪ হাজার ৩৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮৩ হাজার ৪১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি ছয় হাজার ৬৫ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৫৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।