প্রথমবারের মতো খল চরিত্রে বেবো
নির্মাতা রোহিত শেঠির পরিচালনায় নির্মিতব্য ‘গোলমাল’-এর পঞ্চম কিস্তির মধ্য দিয়ে বলিউড আবারও ফিরছে তার সেই পরিচিত দুনিয়ায়। তবে এবারের গল্পে কেবল হাস্যরস নয়, বরং এক ভিন্ন বাঁক দেখা যাবে। আর এই ভিন্নতার মূল কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। দীর্ঘ বিরতির পর এই ফ্র্যাঞ্চাইজির হাত ধরেই তাঁর প্রত্যাবর্তন ঘটছে, যা নিঃসন্দেহে বড় খবর। তবে সবচেয়ে বড় চমক হলো— এই ছবিতে কারিনাকে দেখা যাবে খল চরিত্রে, যা তাঁর ক্যারিয়ারে এক নতুন মাত্রা যোগ করতে চলেছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, একেবারেই ভিন্ন রূপে এই ফ্র্যাঞ্চাইজিতে তাঁর উপস্থিতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।
ফিরছে পুরোনো টিমের রিইউনিয়ন
পরিচালক রহিত শেঠির হাত ধরে পুরোনো টিমের রিইউনিয়ন ঘটতে চলেছে 'গোলমাল ৫'-এ। আগের মতোই ছবির মুখ্য চরিত্রে গোপালের ভূমিকায় দেখা যাবে অভিনেতা অজয় দেবগণকে। অজয় ও কারিনার পাশাপাশি এ ছবিতে অভিনয় করছেন আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে এবং কোনাল খেমু। কমেডি ঘরানার এই ছবিতে অন্য মাত্রা যোগ করতে ফিরছেন জনি লিভার, আশ্বিনী কালেশকর, মুকেশ তিওয়ারিসহ আরও অনেকে। এক কথায় এই ছবিকে পুরোনো টিমের রিইউনিয়ন বললেও ভুল হবে না। এছাড়া গুঞ্জন রয়েছে, ২০০৬ সালে প্রথম ‘গোলমাল’ ছবিতে দেখা যাওয়া শরমন যোশীও এই পঞ্চম ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে পারেন।
অজয়ের বিপরীতে কে?
অভিনেত্রী কারিনা কাপুরকে খল চরিত্রে দেখা গেলেও, ছবির পুরুষ চরিত্রে অভিনেতাদের কাস্টিং চূড়ান্ত হয়েছে। তবে, এখনো একটি মূল চরিত্রে কাকে দেখা যাবে তা নির্ধারিত হয়নি। ছবিতে অজয় দেবগণের বিপরীতে মুখ্য নারী চরিত্রে কোন অভিনেত্রী অভিনয় করবেন, সেই সিদ্ধান্ত নির্মাতারা এখনও নেননি। অজয়ের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়েও সিনেপ্রেমীদের মধ্যে চলছে জল্পনা।