অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার অভিযান শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শাহরাস্তি মডেল থানার এসআই আল আমিন, আরিফ হোসেন, সাদ্দামসহ সঙ্গীয় ফোর্স উপজেলার পশ্চিম উপলতা জমির উদ্দিন বেপারি বাড়ির আলমগীরের ঘরে অভিযান চালায়। অভিযানে আলমগীরের স্ত্রী লাভলি বেগম (৪১) এবং তার ছেলে ফয়সাল হোসেন শাকিলকে (২১) আটক করা হয়। শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের মাধ্যমে অস্ত্রের সন্ধান স্থানীয় বাসিন্দা মো. ফিরোজ হোসেনের দেওয়া তথ্যমতে জানা যায়, ঘটনার ২-৩ দিন পূর্বে পার্শ্ববর্তী বাড়ির রাশেদের ঘর থেকে একটি মোবাইল চুরি যায়। পাড়ার যুবসমাজের শাকিলকে এই চুরির সঙ্গে জড়িত সন্দেহের কারণে তার মাকে জিজ্ঞাসাবাদ করতে যায়। জিজ্ঞাসাবাদ চলাকালীন লাভলী বেগম যুবকদের তার ঘরে তল্লাশি করার অনুমতি দেন। যুবকরা তল্লাশি চালাতে গিয়েই পুলিশের অস্ত্রের সন্ধান পায় এবং দ্রুত পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ২টি পিস্তল, ৪টি ম্যাগজিন, ৩০ রাউন্ড গুলি এবং পুলিশের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে। এরপর মা ও ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়।
খিলগাঁও থানা থেকে লুট হওয়া অস্ত্র হতে পারে সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. আবদুল হাই জানান, উদ্ধার হওয়া অস্ত্রগুলো ঢাকা খিলগাঁও থানায় আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র হতে পারে।
পুলিশের বক্তব্য এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন অপস) লুতফর রহমান কালবেলাকে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের যেসব অস্ত্র খোয়া গিয়েছিল, গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশ জানতে পারে সেই অস্ত্র শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা জমির উদ্দিন বেপারি বাড়ির আলমগীরের ঘরে রয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়। অভিযানে ১টি নাইন এমএম ও ১ টি সেভেন পয়েন্ট সিক্সটি পিস্তল, ৪টি মেগাজিন, ৩০ রাউন্ড গুলি ও পুলিশের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয় এবং মা-ছেলেকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।