সাহসী সাংবাদিকতার স্বীকৃতি ‘জুলাই বার্তাবীর’ আগ্রাসনবিরোধী আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই বার্তাবীর’ সম্মাননা স্মারক পেয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার নিজস্ব প্রতিবেদক আমজাদ হোসেন হৃদয়। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তাঁর সাহসী সাংবাদিকতার স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে ও জেএএম সংস্থার সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে আমজাদ হোসেন হৃদয়কে স্মারক ক্রেস্ট ও চেক বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
১০২ জন সাংবাদিককে পুরস্কার এই আয়োজনে বিভিন্ন গণমাধ্যমের মোট ১০২ জন সাংবাদিককে তাঁদের সাহসিকতাপূর্ণ রিপোর্টিংয়ের জন্য ‘জুলাই বার্তাবীর’ সম্মাননা প্রদান করা হয়। প্রতিকূল পরিস্থিতিতেও যাঁরা নিরপেক্ষ ও গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশনে পিছপা হননি, তাঁদের এই সম্মাননা দেওয়া হলো।
আমজাদ হোসেন হৃদয়ের ভূমিকা আমজাদ হোসেন হৃদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন তিনি দেশ রূপান্তর পত্রিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনি আহত হয়েছিলেন এবং আওয়ামী লীগের এক কাউন্সিলর কর্তৃক হেনস্তার শিকার হন। জুলাইয়ে সাহসিকতার পাশাপাশি সর্বোচ্চ ও গুরুত্বপূর্ণ নিউজ সরবরাহের জন্য তিনি দেশ রূপান্তর পত্রিকার ২০২৪ সালের জুলাই মাসের সেরা রিপোর্টার হিসেবেও স্বীকৃতি লাভ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পুরস্কৃত সাংবাদিক আমজাদ হোসেন হৃদয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই পুরস্কার পাওয়া অন্যান্য সাংবাদিকরা হলেন— দৈনিক যুগান্তরের ঢাবি প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাদী হাসান, বাংলাদেশ সংবাদ সংস্থার তাউসিফুল ইসলাম ও আফজাল হোসেন তানভীর, দেশ রূপান্তরের ঢাবি প্রতিনিধি খালিদ হাসান, মানবজমিনের ঢাবি প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, চ্যানেল টুয়েন্টিফোরের ঢাবি প্রতিনিধি বোরহান উদ্দিন, নিউজ বাংলা টুয়েন্টিফোরের সাবেক ঢাবি প্রতিনিধি মনিরুল ইসলাম, আমার দেশের ঢাবি প্রতিনিধি মাহির কাইয়ুম, বাংলাদেশ প্রতিদিনের ঢাবি প্রতিনিধি ছাব্বিরুল ইসলাম, দৈনিক ইনকিলাবের সাবেক প্রতিনিধি রাহাদ হোসেন এবং দৈনিক নয়া দিগন্তের ঢাবি প্রতিনিধি হারুন ইসলাম।