• দেশজুড়ে
  • বেনাপোলে দুটি বিদেশি অস্ত্র উদ্ধার, যুবক আটক

বেনাপোলে দুটি বিদেশি অস্ত্র উদ্ধার, যুবক আটক

দেশজুড়ে ১ মিনিট পড়া
বেনাপোলে দুটি বিদেশি অস্ত্র উদ্ধার, যুবক আটক

র‌্যাব হেডকোয়ার্টারের একটি দলের অভিযানে যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর এলাকা থেকে দুটি বিদেশি অস্ত্র উদ্ধার হয়েছে।

এসময় ছয় রাউন্ড গুলি এবং চারটি ম্যাগজিনও উদ্ধার করেছেন র‌্যাব সদস্যরা।

এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সাকিব হাসান (২৮) নামে এক যুবককে। তিনি অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত বলে র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

গ্রেপ্তার সাকিব হাসান রঘুনাথপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে। র‌্যাব বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছেন।

রোববার (১১ জানুয়ারি) ভোর ৫টার দিকে র‍্যাব হেডকোয়ার্টার ঢাকার ওই বিশেষ দল মেজর নাজমুল হোসেনের নেতৃত্বে রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে আসলাম হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, র‍্যাব আটক আসামি ও উদ্ধার অস্ত্র বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করছে। থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

র‍্যাব জানায়, হস্তান্তর প্রক্রিয়া শেষে আসামিকে থানা হেফাজতে রেখে তদন্ত কার্যক্রম শুরু করা হবে। বিদেশি অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো জোরদার করা হয়েছে।

Tags: অস্ত্র উদ্ধার বেনাপোল দুটি বিদেশি যুবক আটক