জনপ্রিয় শিল্পী প্রশান্ত তামাং-এর আকস্মিক প্রয়াণ
'ইন্ডিয়ান আইডল ৩'-এর শিরোপাজয়ী প্রশান্ত তামাং আর নেই। রোববার ১১ জানুয়ারি সকালে দিল্লিতে তার মৃত্যু হয়। অরুণাচল প্রদেশে একটি গানের অনুষ্ঠান শেষ করে সম্প্রতি দিল্লিতে ফিরেছিলেন তিনি। এর আগে তার কোনো শারীরিক অসুস্থতার খবর পাওয়া যায়নি। দিল্লির দ্বারকা এলাকার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। এই আকস্মিক মৃত্যুতে নেপালি ও ভারতীয় বিনোদন জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো।
কলকাতা পুলিশ থেকে সংগীতের মঞ্চ
১৯৮৩ সালের ৪ জানুয়ারি দার্জিলিংয়ে জন্ম নেওয়া প্রশান্ত তামাং সংগীত জগতে পরিচিতি পাওয়ার আগে কলকাতা পুলিশে কর্মরত ছিলেন। সেখান থেকেই তার গানের যাত্রার সূচনা। তিনি স্ত্রী ও কন্যার সঙ্গে দার্জিলিংয়েই বসবাস করতেন এবং কাজের প্রয়োজনে নিয়মিত দেশ-বিদেশে যাতায়াত করলেও কখনো মুম্বাইয়ে স্থায়ী হননি।
সহকর্মীর অনুপ্রেরণায় 'ইন্ডিয়ান আইডল'
এক সাক্ষাৎকারে প্রশান্ত তামাং জানিয়েছিলেন, কলকাতা পুলিশের এক সহকর্মীর কাছ থেকে তিনি বাংলা ভাষা শিখতেন এবং বিনিময়ে তাকে নেপালি ভাষা শেখাতেন। সেই সহকর্মীদের অনুপ্রেরণাতেই তিনি জনপ্রিয় প্রতিযোগিতা 'ইন্ডিয়ান আইডল'-এর অডিশনে অংশ নেন এবং তৃতীয় আসরের শিরোপা জয় করে রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন।
সংগীতের পাশাপাশি অভিনয়েও ছাপ
সংগীতের পাশাপাশি নেপালি চলচ্চিত্রেও নিয়মিত অভিনয় করতেন এই শিল্পী। সাম্প্রতিক সময়ে তিনি জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ 'পাতাললোক ২'-এ খলচরিত্রে অভিনয়ের মাধ্যমে আবারও দর্শকদের নজর কাড়েন এবং প্রশংসা অর্জন করেন। তার অকালপ্রয়াণে সংগীত ও অভিনয় জগৎ হারাল এক উজ্জ্বল ও সম্ভাবনাময় তারকাকে।