• দেশজুড়ে
  • রৌমারী সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে নিয়ে গেল বিএসএফ

রৌমারী সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে নিয়ে গেল বিএসএফ

দেশজুড়ে ১ মিনিট পড়া
রৌমারী সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে নিয়ে গেল বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি, আল আমিন ইসলাম

১২ জানুযারি কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পারাপারের সময় গুলি ছুড়ে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। সোমবার (১২ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মোহাম্মদ আলী (২৫)। তিনি রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। বিএসএফ'র এমন আগ্রাসী কর্মকান্ডে সীমান্তে জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক ১০৬২-১০৬৩ নম্বর সীমানা পিলার এলাকার কাছ দিয়ে কয়েকজন বাংলাদেশি সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ভারতের আসাম রাজ্যের মানকারচর থানার অধীন শাহপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা টহল দিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিএসএফ সদস্যরা হঠাৎ গেট খুলে সীমান্তের দিকে গুলি ছোড়েন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির শব্দে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও মোহাম্মদ আলীকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে তাকে বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের। রৌমারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, ভোরে ৮ থেকে ১০ জন চোরাকারবারি সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে কম্বল পারাপারের চেষ্টা করছিল। এ সময় বিএসএফ গুলি ছোড়ে। বাকিরা পালিয়ে গেলেও মিস্টার আলীকে আটক করে নিয়ে যায় তারা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষজন বলছেন, প্রায়ই বিএসএফের গুলিবর্ষণ ও আগ্রাসী আচরণে তারা আতঙ্কে থাকেন।

এ বিষয়ে জানতে চাইলে জামালপুর ৩৫ বিজিবির অধীন মোল্লাচর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফখরউদ্দিন বলেন,“একজন বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে—এমন খবর আমরা পেয়েছি। তবে আমাদের দায়িত্বপূর্ণ এলাকা থেকে নয়, ১০৬৩ নম্বর পিলার এলাকা থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে।”

রৌমারী সদর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নাম প্রকাশ না করার শর্তে বলেন, “গুলি ছুড়ে কাউকে ধরে নিয়ে গেছে কি না, তা আমাদের টহল সদস্যদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হবে।”

এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে বিএসএফের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিজিবি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আটক যুবককে ফেরত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tags: বিএসএফ রৌমারী সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে নিয়ে গেল