মৃত্যুর কারণ নিয়ে সিঙ্গাপুর পুলিশের দাবি
গত ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিংয়ে নামার সময় জুবিন গর্গ মদ্যপ ছিলেন বলে সিঙ্গাপুর পুলিশের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক অবস্থায় তিনি লাইফ জ্যাকেট পরলেও কিছুক্ষণ পরই তা খুলে ফেলেন। পরবর্তী সময়ে ফের পানিতে নামার আগে প্রশিক্ষকরা তাকে লাইফ জ্যাকেট পরার অনুরোধ জানালেও তিনি তা কানে তোলেননি। পুলিশের ধারণা, শিল্পীর এই অসাবধানতাই তাকে অকাল মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।
শরীরে স্বাভাবিকের চেয়ে চার গুণ বেশি অ্যালকোহল
তদন্ত প্রতিবেদনে জুবিনের শারীরিক পরীক্ষার চাঞ্চল্যকর তথ্যও তুলে ধরা হয়েছে। সিঙ্গাপুরের আইন অনুযায়ী, ১০০ মিলিলিটার রক্তে ৮০ মিলিগ্রাম অ্যালকোহল পাওয়া স্বাভাবিক ধরা হলেও জুবিনের শরীরে এর পরিমাণ ছিল ৩৩০ মিলিগ্রাম। অর্থাৎ, তিনি স্বাভাবিক মাত্রার চেয়ে প্রায় চার গুণ বেশি মদ্যপান করেছিলেন। এছাড়া তার হোটেল কক্ষ থেকেও ৭৫০ মিলিলিটারের একটি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ।
ঘটনার পটভূমি ও পূর্বের ধোঁয়াশা
২০২৫ সালের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে 'নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে' যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিং করার সময় নিখোঁজ হন জুবিন গর্গ। এর পর তার মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়। শিল্পীর মৃত্যুর কারণ নিয়ে সে সময় অনেক ধোঁয়াশা সৃষ্টি হলেও সিঙ্গাপুর পুলিশের এই নতুন দাবি সেই সব বিতর্ককে ভিন্ন দিকে চালিত করল।