জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের সাহসী প্রশ্ন
দেশের বিনোদন জগতে স্পষ্টবাদী ও সাহসী কণ্ঠস্বর হিসেবে পরিচিত গায়ক আসিফ আকবর। তিনি গানের পাশাপাশি সমাজের অসঙ্গতি, সংস্কৃতি এবং বাস্তব পরিস্থিতি নিয়ে প্রায়শই নিজের মতামত প্রকাশ করেন। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে তাঁর করা প্রশ্নমালা তাঁকে নতুন করে আলোচনায় এনেছে। তিনি দেশের প্রথম সারির শিল্পীদের কর্মকাণ্ড ও ভূমিকা নিয়ে কৌতূহলোদ্দীপক প্রশ্ন করেন।
শাকিব খানের কণ্ঠে ভিন্নতা নিয়ে প্রশ্ন
আসিফ আকবর প্রথমেই ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রতি তাঁর জিজ্ঞাসা রাখেন। তিনি শাকিব খানের সংলাপ ও গানের কণ্ঠের ভিন্নতা নিয়ে প্রশ্ন তোলেন। আসিফের ভাষ্যমতে, “আপনি যখন ডায়ালগ দেন, তখন কণ্ঠ একরকম শোনায়। কিন্তু গানের সময় হঠাৎ গলা চিকন হয়ে যায়, কিছুটা মেয়েলি শোনায়। যেখানে কিংবদন্তি কণ্ঠশিল্পীরা গান দিয়েছেন, সেখানে এখন যাদের সঙ্গে আপনি কাজ করছেন, সেই টোন কি ঠিক চলছে? আপনি এটা কীভাবে উপভোগ করছেন?”
জেমসের সামাজিক নীরবতা কেন?
তাঁর প্রশ্নের তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নগরবাউল জেমসকে নিয়ে করা জিজ্ঞাসা। আসিফ আকবর জেমসের মতো একজন কিংবদন্তী শিল্পীর সামাজিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানতে চান— “আপনি এত বড় একজন শিল্পী। কিন্তু দেশের কোনো আন্দোলন বা সামাজিক সংকটে আপনাকে সক্রিয়ভাবে দেখা যায় না। ফেসবুকে নানা বিষয় শেয়ার করেন, কিন্তু শিল্পীদের সমস্যা বা দেশের সংকট নিয়ে কথা বলেন না। এর পেছনের কারণটা জানতে চাইব।” এটিই ছিল সাক্ষাৎকারের সবচেয়ে আলোচিত অংশ।
পরীমনির ব্যক্তিগত জীবন নিয়ে জিজ্ঞাসা
শাকিব খান ও জেমসের পর আসিফ আকবর অভিনেত্রী পরীমণিকে নিয়েও কথা বলেন। তিনি পরীমণিকে 'খামখেয়ালি' হিসেবে অভিহিত করেন এবং তাঁকে প্রশ্ন করেন, “তুমি আমাদের মুক্তি দেবে কবে? তুমি একটা কিছু করো, সেটেল ডাউন হও। কীভাবে করবে, সেটা আমাকে বলো।” এই প্রশ্নটি মূলত অভিনেত্রীর ঘন ঘন আলোচনা-সমালোচনা এবং ব্যক্তিগত জীবনের অস্থিরতা নিয়ে তাঁর উদ্বেগ প্রকাশ করে।
সংগীতের এই 'যুবরাজ'-এর সরাসরি এবং সাহসী প্রশ্নগুলি বিনোদন অঙ্গনের শিল্পী ও তাঁদের ভক্তদের মাঝে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।