বলিউডের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। শুক্রবার (১৬ জানুয়ারি) ৪১তম জন্মদিন উদযাপন করছেন এই তারকা। তাঁর জন্মদিনে যখন ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসছেন, ঠিক তখনই বলিউডে প্রশ্ন উঠেছে— সময়ের সাথে সাথে সিদ্ধার্থ মালহোত্রার সাম্রাজ্য কতটা প্রসারিত হয়েছে?
বলিউডে যাত্রা এবং ব্যক্তিগত জীবন
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বহিরাগত হয়েও ২০১২ সালে ধর্ম প্রযোজনা সংস্থার ব্যানারে 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' ছবির মাধ্যমে সিদ্ধার্থ মালহোত্রা বলিউডে আত্মপ্রকাশ করেন। প্রথম ছবিতেই তিনি দর্শকের নজর কাড়তে সক্ষম হন। এরপর অনেক বছর কেটে গেছে। বর্তমানে তিনি স্ত্রী কিয়ারা আদভানি ও সন্তান নিয়ে সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন।
বিশাল সম্পত্তির মালিক সিদ্ধার্থ
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই অভিনেতা হয়েছেন কোটি কোটি রুপির সম্পত্তির মালিক। তাঁর মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ১০৫ কোটি রুপি। এই সম্পত্তির মধ্যে রয়েছে মুম্বাইয়ের অভিজাত পালি হিল এলাকায় একটি বিলাসবহুল সমুদ্রমুখী বাড়ি, যেখান থেকে আরব সাগরের দৃশ্য দেখা যায়। গৌরী খান এই বাড়ির অন্দরসজ্জা করেছেন, এবং এর মূল্য প্রায় ৭০ কোটি টাকা। এই বাড়ির একটি অন্যতম আকর্ষণ হলো এর বিশাল বারান্দা, যেখানে সিদ্ধার্থ ও কিয়ারা নিজেদের একান্ত সময় কাটান।
গাড়ির সংগ্রহ
সিদ্ধার্থের গাড়ির সম্ভারও নজরকাড়া। তাঁর সংগ্রহে রয়েছে প্রায় ৪ কোটি টাকা মূল্যের একটি রেঞ্জ রোভার এবং ১.৮৬ কোটি টাকার একটি মার্সিডিজ বেঞ্জ। এছাড়াও, তাঁর একটি ১৮ লাখ টাকার হার্লে ডেভিডসন বাইকও রয়েছে।
পারিশ্রমিক ও ব্র্যান্ড এনডোর্সমেন্ট
অভিনেতা হিসেবে সিনেমাতে অভিনয়ের জন্য সিদ্ধার্থ মালহোত্রা বর্তমানে ১৫ থেকে ২০ কোটি রুপি পারিশ্রমিক নেন। পাশাপাশি, তিনি একাধিক নামি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবেও কাজ করেন। সেই ব্র্যান্ডগুলোর প্রচারে অংশ নেওয়ার জন্য তিনি ২ থেকে ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।
সর্বশেষ সিনেমা
সিদ্ধার্থ মালহোত্রাকে সবশেষ গত বছর মুক্তিপ্রাপ্ত 'পরম সুন্দরী' সিনেমায় দেখা গেছে। চলচ্চিত্রটি পরিচালনা করেন তুষার জালোতা এবং এই ছবিতে সিদ্ধার্থের বিপরীতে অভিনয় করেন জাহ্নবী কাপুর।