• দেশজুড়ে
  • আরাফাত রহমান কোকোর নাম বিকৃতি: দুঃখ প্রকাশ করলেন জামায়াত প্রার্থী আমির হামজা

আরাফাত রহমান কোকোর নাম বিকৃতি: দুঃখ প্রকাশ করলেন জামায়াত প্রার্থী আমির হামজা

জাতীয় সংসদ নির্বাচনের আগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াত প্রার্থী আমির হামজার পুরোনো ভিডিও বার্তা নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড়।

দেশজুড়ে ১ মিনিট পড়া
আরাফাত রহমান কোকোর নাম বিকৃতি: দুঃখ প্রকাশ করলেন জামায়াত প্রার্থী আমির হামজা

জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমির হামজার একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে তাঁকে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে প্রাণীর নামের সঙ্গে তুলনা করতে দেখা যায়। এ ঘটনায় কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিতর্কের মুখে আমির হামজা ফেসবুকে এক ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেন।

বিতর্কিত ভিডিও ও বিএনপির প্রতিবাদ

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজার একটি বক্তব্য সম্বলিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে আমির হামজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে একটি ইতর প্রাণীর নামের সঙ্গে তুলনা করছেন।

এই কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে কুষ্টিয়া জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। গতকাল শুক্রবার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ মন্তব্যটি প্রত্যাহার করে জনসমক্ষে ক্ষমা না চাইলে আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণার আলটিমেটাম দেন।

রাতেই লিখিত প্রতিবাদ জানান কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে একটি ইতর প্রাণীর সঙ্গে তুলনা করেছেন। এরূপ অশালীন ও কাণ্ডজ্ঞানহীন ভাষার ব্যবহার একজন ইসলামী বক্তার নিকট থেকে কোনোভাবেই প্রত্যাশিত নয়। তাঁর বক্তব্য উসকানিমূলক ও চক্রান্তমূলক, যা আসন্ন নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার শামিল।”

আমির হামজার ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ

এই বিতর্কের পরিপ্রেক্ষিতে জামায়াত প্রার্থী আমির হামজা তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা পোস্ট করে দুঃখ প্রকাশ করেন। তিনি দাবি করেন, মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে তাঁর দেওয়া আলোচিত বক্তৃতাটি ছিল ২০২৩ সালের। তিনি বলেন, “আমি সেই সময়ই একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণটি দিয়ে ভুল করায় দুঃখ প্রকাশ করেছিলাম। এখন আবারও দুঃখ প্রকাশ করছি।”

তবে একই সাথে তিনি অভিযোগ করেন যে তাঁর পুরোনো বক্তব্যটিকে কাটাছেঁড়া করে বর্তমান নির্বাচনকালীন সময়ের বক্তব্য হিসেবে চালিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র চলছে। তাঁর দাবি, যারা এমনটি করছেন, তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও ছাড় দেননি।

নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন সরকার এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Tags: election khulna division kushtia bangladesh jamaat-e-islami kushtia sadar