রোববার (১৮ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকায় এক উঠান বৈঠকে এ সতর্কবার্তা দেন তিনি।
রুমিন ফারহানা বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে একটা নির্বাচন আসছে। আমার আসনের পাঁচ লাখ ভোটার প্রত্যেকেই কেন্দ্রে যাবেন, নিরাপদে-নিশ্চিন্তে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।
আমি আশা করব পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইসি নিরপেক্ষভাবে একটা ভোটের পরিবেশ তৈরি করবে। আমরা আশা করব কোনো দলের প্রার্থী বা কর্মীরা অন্য কোনো প্রার্থী বা কর্মীদের কোনোরকম ভয়-ভীতি দেখাবে না। তিনি আরও বলেন, আমি আশা করব প্রশাসন, পুলিশ, ইসি ও সরকার নিরপেক্ষ থাকবে। আর যদি নিরপেক্ষতার কোনো ঘাটতি আমরা দেখি ৫ আগস্টের কথা সবাই স্মরণে রাখবেন।
সারা দেশে যে ৫ আগস্ট হয়েছিল, সেটা যেকোনো আসনেই কিন্তু হতে পারে। প্রশাসনকে অনুরোধ করব, নিজের আইনের ভেতরেই আপনারা কাজ করবেন।
কোনো প্রার্থীকে ডান চোখে আর কোনো প্রার্থীকে বাম চোখে না দেখার অনুরোধ জানিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আইন সবার জন্য সমান এবং আইনের প্রয়োগও যেন সবার ক্ষেত্রে সমান হয়। এর আগে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণামূলক সমাবেশ বন্ধ করে এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে তাকে আঙুল উঁচিয়ে হুমকি প্রদর্শন করেন রুমিন ফারহানা। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।