৩৭ বছর পর সিরিজ জয়
সিরিজের প্রথম ম্যাচে ভারত জয় পেলেও, শেষ দুটি ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নেয় নিউজিল্যান্ড। এই সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অভিজ্ঞ ব্যাটার ড্যারিল মিচেল। শেষ দুই ম্যাচেই দাপুটে সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। তবে শুধু ঝড়ো ব্যাটিংই নয়, এই সাফল্যের পেছনে ছিল সুনির্দিষ্ট কৌশল, যা এবার সামনে এনেছেন মিচেল নিজেই।
কুলদীপ যাদবকে টার্গেট করার কৌশল
মিচেল জানান, তারা ভারতের তারকা বোলার কুলদীপ যাদবকে প্রথম থেকেই টার্গেট করেছিলেন এবং তাতেই সাফল্য এসেছে। কিউইদের বিপক্ষে এই সিরিজে নিজের চেনা ছন্দে ছিলেন না কুলদীপ। তিন ম্যাচে তিনি মাত্র তিন উইকেট নিতে সক্ষম হন। ভারতের মাঝের ওভারগুলোতে উইকেট পাওয়ার জন্য কুলদীপের উপরেই ভরসা ছিল।
মাঝের ওভারেই আক্রমণ
তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ড প্রথম বল থেকেই কুলদীপের বিপক্ষে আক্রমণের পথ বেছে নেয়। ম্যাচের ১৭তম ওভারে ফর্মে থাকা ব্যাটার ড্যারিল মিচেল কুলদীপের প্রথম বলেই ছক্কা হাঁকান। এর ফলে লেগস্পিনারটির উপর চাপ বাড়তে শুরু করে। এরপর ম্যাচের ৪১তম ওভারে মিচেল ও ফিলিপ্স আবারও কুলদীপের বলে একের পর এক বড় শট খেলেন। শেষ পর্যন্ত এই ম্যাচে ছয় ওভারে ৪৮ রান দেন কুলদীপ। দ্বিতীয় ওয়ানডেতেও তার ১০ ওভার থেকে ৮২ রান তুলেছিল নিউজিল্যান্ড। কুলদীপের মতো বিশ্বমানের বোলারের কাছ থেকে এমন বোলিং সত্যিই বেমানান।
প্রথম থেকেই চাপে রাখার পরিকল্পনা
সিরিজ জয়ের পর সেই কৌশল ফাঁস করে মিচেল বলেন, 'কুলদীপ একজন বিশ্বমানের বোলার। তাই প্রথম থেকেই তাকে চাপে ফেলতে চেয়েছিলাম আমরা। যখন ভালো ছন্দে বল করে সে, একাই বোলিং অ্যাটাককে নেতৃত্ব দেয়। পরে শিশির পড়লে পরিস্থিতি আরও কঠিন হতো। সফরকারী দল হিসেবে এগুলো খুব ভালো ভাবে জানতাম না আমরা। তাই দেরি না করে প্রথম থেকেই আক্রমণের পথে হেঁটেছিলাম।'