নিহত ও আহতের পরিচয় নিহত আব্দুর রাজ্জাক বাদশা (৪৮) কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের হাচেন আলীর ছেলে। তিনি পেশায় একজন মিষ্টি দোকানের স্বত্বাধিকারী ছিলেন এবং কুমারখালী বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বর এলাকার 'আল মদিনা মিষ্টান্ন ভাণ্ডার'-এর মালিক ছিলেন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের জগন্নাথপুর ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করতেন। দুর্ঘটনায় আহত তার সহকর্মী হলেন মুফতি খাইরুল বাশার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি আশঙ্কামুক্ত।
ঘটনার বিবরণ পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আব্দুর রাজ্জাক বাদশা তার সহকর্মী মুফতি খাইরুল বাশারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে কুষ্টিয়া-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আনোয়ার খাঁনের বাড়িতে যাচ্ছিলেন। পথে ফুলতলা এলাকায় একটি আলুবোঝাই মিনি ট্রাকের আগে যাওয়ার চেষ্টা করলে তারা সড়কে ছিটকে পড়েন। এ সময় দ্রুতগামী ট্রাকটি বাদশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং তার সহযোগী খাইরুল বাশার আহত হন।
প্রার্থীর মন্তব্য ও পুলিশের পদক্ষেপ কুষ্টিয়া-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আনোয়ার খাঁন জানান, দুর্ঘটনার কিছুক্ষণ আগে বাদশার সঙ্গে তাঁর কথা হয়েছিল এবং দেখা করে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলার কথা ছিল। পরে তিনি সড়ক দুর্ঘটনায় বাদশার মৃত্যুর খবর পান।
এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবে।