এতে শত শত যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন।
আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে খুলনা থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়ার প্লান্টের উদ্দেশ্যে যাত্রা করা তেলবাহী মালগাড়িটি আমনুরা স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। ৩০টি তেলবাহী ওয়াগন নিয়ে যাত্রা করা এ ট্রেনটির দুটি ওয়াগন রেললাইন থেকে বিচ্যুত হয়ে পড়ে।
আমনুরা স্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। এর ফলে দুপুর ১টায় আমনুরা থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এর ফলে সম্পূর্ণ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেলপথে যাত্রী চলাচল স্থগিত হয়ে পড়ে। এ রুটে নিয়মিত যাতায়াতকারী শত শত যাত্রী বিকল্প পথ খুঁজতে বাধ্য হন। ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কাজ শুরু করেছে। লাইনচ্যুত ওয়াগন দুটি পুনরায় লাইনে ওঠানোর জন্য বিশেষ যন্ত্রপাতি ও কারিগরি দল মোতায়েন করা হয়েছে।
তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। যদিও এ ঘটনায় কোনও তেল ছিটকে পড়ার বা অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়নি, তবুও এলাকাবাসী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আমনুরা রেলের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, লাইনচ্যুত ওয়াগন দুটি পুনরায় লাইনে ওটানের জন্য কাজ চলমান রয়েছে। আশা করি, রাত ৮টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।