প্রেক্ষাপট: রাষ্ট্র ও জনগণের দূরত্ব
ঔপনিবেশিক ব্রিটিশ শাসনামল থেকেই এ ভূখণ্ডে রাষ্ট্রের সঙ্গে জনগণের একটি দূরত্বপূর্ণ ও বৈরী সম্পর্ক তৈরি হয়েছে। স্বাধীনতার পরও এই মানসিকতার পূর্ণ সংশোধন ঘটেনি; বরং তা নতুন রূপে বিস্তৃত হয়েছে। 'মানি না, মানবো না', 'জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও'-এর মতো রাষ্ট্রবিরোধী স্লোগান, দেয়াল লিখন ও আচরণ জনগণের মনে রাষ্ট্রবিরোধী মনোভাবকে স্বাভাবিক করে তুলেছে। এর ফলস্বরূপ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং রাষ্ট্র পরিচালনাকারীদের প্রতি বিদ্বেষ অনেকের কাছে ব্যক্তিগত বিজয়ের অনুভূতিতে রূপ নিয়েছে। জনগণ সচেতনভাবে এই মৌলিক সত্য থেকে দূরে সরে গেছে যে—রাষ্ট্র মানেই জনগণ এবং রাষ্ট্রীয় সম্পদ মানেই জনগণের সম্মিলিত সম্পদ।
নৈতিকতার অবক্ষয় ও সংকটের গভীরতা
সাম্প্রতিক সময়ে এই সংকটের সাথে যুক্ত হয়েছে নৈতিকতা, শালীনতা ও শ্রদ্ধাবোধের অবক্ষয়। জ্ঞানী-গুণীদের প্রতি অবমাননা, অশ্রাব্য ভাষা, ব্যঙ্গ-বিদ্রুপ এবং ব্যক্তি-কেন্দ্রিক স্বার্থপর চিন্তা ('আমার কী লাভ', 'নিজে বাঁচলে বাপের নাম') সমাজকে ক্রমশ একটি দায়িত্বহীন ও অসভ্য জনগোষ্ঠীর দিকে ঠেলে দিচ্ছে। এই মানসিকতা সামগ্রিক কল্যাণ, টেকসই উন্নয়ন ও প্রকৃত জনস্বার্থমূলক উদ্যোগকে বাধাগ্রস্ত করছে। এর ফলে প্রয়োজনভিত্তিক জনকল্যাণমূলক প্রকল্প মুখ থুবড়ে পড়ছে, আর অগ্রাধিকার পাচ্ছে কমিশননির্ভর তথাকথিত মেগা প্রকল্প। তাই রাষ্ট্র মেরামত কেবল প্রশাসনিক সংস্কারের বিষয় নয়, এটি একটি নৈতিক ও চেতনাগত পুনর্গঠনের সামগ্রিক প্রকল্প।
রাষ্ট্র মেরামতের মৌলিক দর্শন
রাষ্ট্র মেরামতের ভিত্তি কয়েকটি মৌলিক দর্শনের ওপর প্রতিষ্ঠিত:
- রাষ্ট্র জনগণের প্রতিপক্ষ নয়, জনগণেরই সম্প্রসারিত রূপ: ইসলাম ও গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে, রাষ্ট্রের অস্তিত্ব কেবল বেঁচে থাকার জন্য নয়, বরং উত্তম জীবন যাপনের জন্য। রাষ্ট্র মানুষের দুনিয়া ও আখিরাত উভয়ের কল্যাণের মাধ্যম।
- রাষ্ট্রীয় দায়িত্ব 'ক্ষমতা' নয়, 'আমানত': কুরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রীয় দায়িত্ব হলো আমানত, যা হকদারের কাছে পৌঁছে দিতে হয়। আল্লাহ ও রসুল (সা.)-এর নির্দেশনা অনুযায়ী, দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ইসলাম এটিকে নৈতিক ও জবাবদিহিমূলক কর্তৃত্ব হিসেবে দেখে।
- জনকল্যাণমূলক কাজ: সাদকায়ে জারিয়ার আধুনিক রূপ: রাষ্ট্রীয় দায়িত্ব যদি আল্লাহর সন্তুষ্টি ও মানুষের কল্যাণের নিয়তে পরিচালিত হয়, তবে তা ব্যক্তিগত সাদকায়ে জারিয়ার মতোই স্থায়ী কল্যাণ বয়ে আনবে।
- নৈতিকতা ও শালীনতা ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব: নৈতিক ভিত্তি ছাড়া উন্নয়ন কেবল বাহ্যিক চাকচিক্য—ভিতরে তা ভঙ্গুর। আল্লাহ ন্যায়, ইহসান (উত্তম আচরণ) ও আত্মীয়কে দান করার নির্দেশ দেন।
- পারিবারিক অনুশাসন ও বন্ধন: পরিবারকে পরকালের শাস্তি থেকে বাঁচানোর জন্য সচেষ্ট থাকলে তা পারিবারিক সহমর্মিতা সম্পন্ন মানবিক সমাজ গঠন করবে, যা প্রকারান্তরে কল্যাণ রাষ্ট্রের ভিত তৈরি করবে।
রাষ্ট্র মেরামতের কৌশলগত স্তরসমূহ
রাষ্ট্র মেরামতের কৌশলগত পরিকল্পনাকে তিনটি ভাগে ভাগ করে বাস্তবায়ন করা যেতে পারে:
- স্বল্পমেয়াদি পরিকল্পনা (১–২ বছর): 'রাষ্ট্র মানেই আমি'—এই ধারণা গণমাধ্যম ও শিক্ষা কারিকুলামে প্রতিষ্ঠাকরণ। রাষ্ট্রীয় সম্পদ রক্ষাকে নাগরিক দায়িত্ব হিসেবে উপস্থাপন। রাজনৈতিক ভাষা ও মিডিয়ায় শালীনতার নৈতিক মানদণ্ড স্থাপন। তাৎক্ষণিক জবাবদিহি ও দৃশ্যমান ছোট কিন্তু অর্থবহ জনকল্যাণমূলক প্রকল্পে অগ্রাধিকার।
- মধ্যমেয়াদি পরিকল্পনা (৩–৫ বছর): মূল্যবোধভিত্তিক শিক্ষা সংস্কারের মাধ্যমে নৈতিকতা, নাগরিক দায়িত্ব ও রাষ্ট্রচিন্তা অন্তর্ভুক্ত করা। সমাজের জ্ঞানী-গুণীদের সম্মান পুনঃপ্রতিষ্ঠায় নীতিনির্ধারণে আলেম, শিক্ষক ও চিন্তাবিদদের অন্তর্ভুক্তিকরণ। প্রয়োজনভিত্তিক ও মানবকেন্দ্রিক উন্নয়ন দর্শন গ্রহণ এবং 'জনকল্যাণ সূচক' বাধ্যতামূলক করা।
- দীর্ঘমেয়াদি পরিকল্পনা (৫–১৫ বছর): আমানতদারি ও তাকওয়াভিত্তিক রাষ্ট্র পরিচালনা (Just and Equality based state)। ক্ষমতার বিকেন্দ্রীকরণ। মদিনা সনদের আলোকে স্থানীয় সরকার ও কমিউনিটিভিত্তিক অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে নাগরিককে রাষ্ট্রের অংশীদার করা। ব্যক্তি-কেন্দ্রিক স্বার্থপরতা থেকে সামষ্টিক কল্যাণের দর্শনে প্রজন্মগত মানসিক রূপান্তর।
সরকার গঠনের প্রথম ১০০ কার্যদিবসের জরুরি কর্মসূচি
প্রথম ১০০ কার্যদিবস সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সম্পর্কে জনগণের মনে একটি স্পষ্ট ধারণা তৈরি করবে। এই সময়ে সবচেয়ে বেশি জনদুর্ভোগ সম্পন্ন বিষয়াদির দ্রুত আপদকালীন সমাধান এবং স্বল্প ও মাঝারি মেয়াদি পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করতে হবে:
- পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান: প্রথম ৩০ দিনের মধ্যে নিজ নিজ এলাকার সকল সরকারি, বেসরকারি অফিস, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, মার্কেট, রাস্তাঘাট ও অলিগলি ধুলাবালি ও আবর্জনামুক্ত করার কাজে দলীয় কর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা।
- ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্তকরণ: প্রথম ৩০ দিনের মধ্যে সকল রাস্তাঘাট, ফুটপাত, অলিগলি থেকে অবৈধ স্থাপনা তুলে দিয়ে জনগণের চলাচলের অধিকার নিশ্চিত করা।
- ট্রাফিক শৃঙ্খলা ও আইন মান্যতার সংস্কৃতি: রেজিস্ট্রেশনবিহীন ও ফিটনেসবিহীন যানবাহন, যত্রতত্র পার্কিং ও বিশৃঙ্খল লেন ব্যবহার বন্ধ করে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা। কমিউনিটি পুলিশিং ব্যবস্থার মাধ্যমে যাতায়াতে স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনা।
- ভাঙাচোরা রাস্তা ও অবকাঠামোর জরুরি মেরামত: দীর্ঘমেয়াদি বড় প্রকল্পসমূহ প্রয়োজনে এক বছরের জন্য থামিয়ে সারা দেশের সকল ভাঙাচোরা রাস্তা, ব্রিজ, কালভার্ট, ফুটপাত ইত্যাদি জরুরি ভিত্তিতে ১০০ কার্যদিবসের মধ্যেই চলাচলের উপযোগী করে তোলা।
- চাঁদাবাজি বন্ধ করা: পণ্যবাহী যানবাহন, স্টেশন, রাস্তাঘাট ও পাড়ামহল্লা থেকে চাঁদাবাজি সমূলে নির্মূল এবং ভবিষ্যতে চাঁবাজদের উত্থান বন্ধ করার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করা।
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মাদকের ক্রয়-বিক্রয়, লেনদেন, ব্যবহার বন্ধ করা এবং বর্ডারে মাদকের অনুপ্রবেশ যেকোনো মূল্যে রোধ করা।
- দুর্নীতি বন্ধে কার্যকরি উদ্যোগ: সকল সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের বিগত ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র তৈরি ও প্রকাশ করে তা বন্ধে যুগোপযোগী ব্যবস্থা গ্রহণ।
- কল্যাণ রাষ্ট্র ও আইনের শাসন প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন।
- যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা তৈরির কার্যকর উদ্যোগ গ্রহণ।
- সমাজের প্রতিটি স্তরে 'আল্লাহর উপর আস্থা', 'রসুলের (সা.) সুন্নাহ থেকে দিকনির্দেশনা', 'পরকালের জবাবদিহিতা' এবং 'সর্বক্ষেত্রে কথায় ও কাজে সততা' স্থাপন করার উদ্যোগ গ্রহণ।
রাষ্ট্র মেরামত কোনো একক সরকার বা প্রতিষ্ঠানের কাজ নয়; এটি একটি সমষ্টিগত নৈতিক পুনর্জাগরণ। রাষ্ট্রকে আগে এগিয়ে আসতে হবে, কারণ রাষ্ট্রই দৃষ্টান্ত স্থাপন করে। ক্ষমতাকে 'খিদমাহ' (সেবা), উন্নয়নকে 'কল্যাণ' এবং প্রকল্পকে 'সাদকায়ে জারিয়া'র নিয়তে পরিচালিত করলে ইন শা আল্লাহ, একটি নৈতিক, মানবিক ও টেকসই বাংলাদেশের রাষ্ট্রীয় পুনর্গঠন সম্ভব।