• আন্তর্জাতিক
  • সর্বোচ্চ নেতা নির্বাচিত করে তথ্য গোপন রেখেছে ইরান?

সর্বোচ্চ নেতা নির্বাচিত করে তথ্য গোপন রেখেছে ইরান?

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
সর্বোচ্চ নেতা নির্বাচিত করে তথ্য গোপন রেখেছে ইরান?

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর দেশটির নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকের মতে, খামেনির ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন।

তেহরান বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক ইঙ্গিত দিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়ে থাকতে পারে। তবে তা এখনো প্রকাশ করা হয়নি।

তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জোহরেহ খারাজমি বলেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হয়তো ইতোমধ্যেই নির্বাচিত হয়েছেন। কিন্তু নিরাপত্তার কারণে তা এখনো প্রকাশ করা হয়নি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরবর্তী নেতার জীবন রক্ষার্থে সিদ্ধান্ত গোপন রাখা যৌক্তিক।

উল্লেখ্য, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সম্প্রতি হুমকি দিয়েছেন, যিনিই ইরানের সর্বোচ্চ নেতা হবেন, তাকেই হত্যা করা হবে।

এদিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া বয়কট করেছেন বিশেষজ্ঞ পরিষদের আট সদস্য—এমন খবর ছড়িয়েছে। তবে এটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।

তিনি আরও বলেছেন, সাম্প্রতিক সময়ে ইরানের কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে দেশটির পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার বিষয়ে আলোচনা করেছে—এমন খবরও সঠিক নয়। তার দাবি, এসব রাজনৈতিক প্রচারণা মাত্র।

খারাজমি বলেন, তিনি তেহরানে যে পরিস্থিতি দেখছেন, তাতে সমাজে ব্যাপক সংহতি রয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্রের প্রতি মানুষের সমর্থনও স্পষ্ট।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা থাকা উচিত। তার মতে, ইরানের জনগণকে সঙ্গে নিয়ে নতুন নেতাকে নির্বাচন করা দরকার।

ট্রাম্প বলেন, ইরানের জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরই সেই ব্যক্তিকে বেছে নিতে হবে। আমরাই সেই ব্যক্তিকে নির্বাচন করব।

তিনি আরও বলেন, ভবিষ্যতে ইরানকে নেতৃত্ব দেবেন এমন একজনকে বাছাইয়ের প্রক্রিয়ায় যুক্ত থাকতে চায় যুক্তরাষ্ট্র, যাতে প্রতি পাঁচ বছর পরপর একই ধরনের সংঘাতে জড়াতে না হয়।

আলী খামেনির ছেলে মোজতবা খামেনি কেন তার পছন্দের তালিকায় নেই—এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার মনে হয় সবাই এই বিবেচনায় আছেন। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি।

Tags: তথ্য গোপন